পেনসিলভানিয়ার মন্টগোমারি কাউন্টির নরিসটাউনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৯টার কিছুক্ষণ পর স্ট্যানব্রিজ স্ট্রিটের ১২০০ ব্লকে গুলির ঘটনা ঘটে। এর আগে রেলপথের কাছাকাছি কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
মন্টগোমারি কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কেভিন স্টিলের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এলমউড পার্কে বড় একটি ছুরি হাতে এক ব্যক্তির মুখোমুখি হয়। ওই ব্যক্তি পুলিশ কর্মকর্তাদের হুমকি দেন এবং ছুরি হাতে তাদের দিকে এগিয়ে যেতে থাকেন।
স্টিল বলেন, ব্যক্তি এগিয়ে আসা অব্যাহত রাখলে দুই পুলিশ কর্মকর্তা তাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন। এতে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন।
পুলিশ ঘটনাস্থলেই তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। তবে পরে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তার পরিচয় গোপন রাখা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পুলিশের গুলিবর্ষণের ঘটনাটি মন্টগোমারি কাউন্টির গোয়েন্দারা তদন্ত করছেন। কাউন্টিতে কোনো কর্মকর্তা-জড়িত গুলির ঘটনা ঘটলে যে প্রোটোকল অনুসরণ করা হয়, সেই অনুযায়ী তদন্তটি পরিচালিত হচ্ছে।



