নিউইয়র্ক, ১৮ জুলাই : কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসীর বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (NYPD) কর্মকর্তা ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম-এর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে তাঁর নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) নিউইয়র্কের ব্রঙ্কসে আনুষ্ঠানিকভাবে “Detective First Grade Didarul Islam Way”-এর উদ্বোধন করা হয়।
ব্রঙ্কসের ইস্ট ১৭২ স্ট্রিট ও বিচ অ্যাভিনিউ (E 172 St & Beach Ave) সংলগ্ন এলাকায় স্থাপিত নতুন সড়কচিহ্ন উন্মোচনের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির জনপ্রতিনিধি, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ এবং দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার জেলার কৃতি সন্তান দিদারুল ইসলাম বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সহকর্মী ও কমিউনিটির আস্থা অর্জন করেন। সম্প্রতি এক সন্ত্রাসীর বন্দুক হামলায় কর্তব্যরত অবস্থায় তিনি নিহত হন। তাঁর আত্মত্যাগ নিউইয়র্কের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিসহ পুরো নগরীতে গভীর শোকের সৃষ্টি করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দিদারুল ইসলাম কেবল একজন দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন না; তিনি ছিলেন সাহস, মানবিকতা ও জনসেবার এক উজ্জ্বল প্রতীক। তাঁর নামে সড়কের নামকরণ ভবিষ্যৎ প্রজন্মকে কর্তব্য, দেশপ্রেম ও আত্মত্যাগের মূল্যবোধে অনুপ্রাণিত করবে।
বাংলাদেশি বংশোদ্ভূত একজন পুলিশ কর্মকর্তার নামে নিউইয়র্কের মতো বিশ্বনগরীতে সড়কের নামকরণকে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গৌরবময় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এটি তাঁর বীরত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তায় আত্মত্যাগের প্রতি নিউইয়র্ক সিটির গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ।
আশরাফুল ইসলাম আরিফ


