আমাদের বন্ধু কবি আহমদ সায়েম হৃদযন্ত্রের দুর্জ্ঞেয় জটিলতায় আক্রান্ত হয়ে সম্প্রতি ইউএসএ-র ফিলাডেলফিয়ায় একটা হাসপাতালে অ্যাডমিশন নিয়েছেন। পনেরো অক্টোবর দুইহাজারছাব্বিশ তার ওপেন হার্ট সার্জারি। আমরা সবাই মিলে তার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করি।
কবি আহমদ সায়েম প্রথম দশকে বাংলাদেশের কাব্যভুবনে আবির্ভূত কবিদের মধ্যে একজন, যার পরিচয় আলাদাভাবে দেবার দরকার পড়ে না। তার প্রকাশিত কবিতাবই তিনটি : ‘অনক্ষর ইশারার ঘোর’, ‘কয়েক পৃষ্ঠা ভোর’ ও ‘রুদ্ধজনের রাগ ও সম্বিৎ’। কবিতাবই প্রকাশের কালানুক্রমে তার অভিষেক দুইহাজারপনেরোয়, এ-যাবৎ শেষ বই দুইহাজারপঁচিশে প্রকাশিত হয়।
নিজের প্রথম বই প্রকাশের দুই দশক আগে থেকেই আহমদ সায়েম বাংলাদেশের সাহিত্যজগতে তার কাজের সুবাদেই সুপরিচিত। ‘সূনৃত’ নামে একটা সাহিত্যপত্রিকা সম্পাদনা ও প্রকাশের ভিতর দিয়ে এই পরিচিতি প্রায় প্রসিদ্ধির রূপ পরিগ্রহ করে। এছাড়াও ‘হরমা’ ও ‘পেন্ডুলাম’ নামে দু-দুটো পত্রিকা সম্পাদনা ও প্রকাশ সম্পন্ন হয়েছে তার হাত দিয়ে। একাধিক পত্রিকা ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যায় কিছু গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি বই হিশেবে প্রকাশ করেন ‘কোলাজ’ প্রকাশনীর ব্যানারে। গেল-শতকের নব্বইয়ের দশক থেকে এ-পর্যন্ত পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্য ও ভাষার বিকাশ সাধনে তার ভূমিকা ও অবদান অনস্বীকার্য।
কবি আহমদ সায়েম অনলাইনযুগে এসে শুরু করেন ‘রাশপ্রিন্ট’ সম্পাদনা। তার সম্পাদিত ‘সূনৃত’ ও অন্যান্য মুদ্রণকাণ্ড যুগপরিবর্তনের ধাক্কায় স্তিমিত হয়ে এলেও ‘রাশপ্রিন্ট’ অব্যাহতভাবে সচল রয়েছে। এরই মধ্যে দেশান্তরিত হন কবি, ইউনাইটেড স্টেইটস অফ অ্যামেরিকায়, জীবিকার প্রয়োজনে। এখন সপরিবার আবাস তার ফিলাডেলফিয়ায়। সেখানকার বাংলা সাংস্কৃতিক কর্মকাণ্ডে এক সুপরিচিত মুখ আহমদ সায়েম। উল্লেখ্য, ফিলাডেলফিয়ার কমিউনিটি-উদ্যোগে প্রকাশিত প্রথম বাংলা ওয়েবম্যাগ ‘ফিলাডেলফিয়াপত্রিকা’-র সম্পাদনা পর্ষদের একজন সক্রিয় সদস্য তিনি।
তিন দশক ধরে আমরা বন্ধু পরস্পর। নব্বইয়ের দশকের মাঝভাগ থেকে ‘অর্কিড’ সম্পাদনা শুরু করি আমি। নিজে যেহেতু কবিতাই লিখি, নিজের সময়ের কবিদের সঙ্গেই সখ্য হয়। সেই সুবাদে আহমদ সায়েমের সাহিত্যিক স্ফূর্তি নিরীক্ষণ করেছি নিবিড়ভাবে। সেই গল্প আজ নয়। আজ শুধু অফুরান শুভেচ্ছা ও দোয়া আহমদ সায়েমের জন্যে। এ এমন সময়, যখন আর কিছু নয়, মনোবল ধরে রাখতে হয়।
এক মুহূর্তের জন্যও নিজেকে একা ভেবো না, বন্ধু, আমাদের দোয়ায় ঘেরা আছো তুমি। ফি আমানিল্লাহ।
সৈয়দ আফসার অন্যান্য রচনায়
আহমদ সায়েম অন্যান্য রচনায়

সৈয়দ আফসার। কবি। ‘অর্কিড’ পত্রিকার সম্পাদক। জন্ম জগন্নাথপুর সুনামগঞ্জে। পেশাগত সূত্রে সপরিবার যুক্তরাজ্যের আবাসিক



