ফিলাডেলফিয়া প্রতিনিধি : বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ক্যাভান সুলিভান মেজর লিগ সকারে (MLS) নতুন ইতিহাস গড়েছেন। ফিলাডেলফিয়া ইউনিয়নের ১৬ বছর বয়সী এই কিশোর টানা পাঁচ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে ২১ বছর ধরে অক্ষুণ্ন থাকা একটি রেকর্ড ভেঙেছেন।
ক্যাভান সুলিভানের মায়ের পরিবারের শিকড় বাংলাদেশের ঢাকায়। সেই সূত্রে বাংলাদেশি বংশোদ্ভূত এই উদীয়মান ফুটবলারের সাম্প্রতিক সাফল্য যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের ২–০ গোলের জয়ে দলের হয়ে একটি গোল করেন সুলিভান। চলতি মৌসুমে এটি ছিল তার চতুর্থ গোল। এর ফলে মৌসুমে তার মোট গোল-অবদান দাঁড়িয়েছে ১১টিতে—চার গোল ও সাত অ্যাসিস্ট।
এর মাধ্যমে তিনি সাবেক মার্কিন ফুটবল তারকা ফ্রেডি আদুর ২০০৫ সালে গড়া রেকর্ড ছাড়িয়ে গেছেন। মাত্র ১৬ বছর বয়সে টানা পাঁচ ম্যাচে গোল-অবদান রাখার কৃতিত্ব অর্জন করে সুলিভান এখন MLS-এর ইতিহাসে নতুন মাইলফলকের মালিক।
সুলিভানের অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি ফিলাডেলফিয়া ইউনিয়নও দুর্দান্ত ছন্দে রয়েছে। দলটির অপরাজিত থাকার ধারা বেড়ে দাঁড়িয়েছে টানা আট ম্যাচে। এই ধারাবাহিক সাফল্যে তারা এখন প্লে-অফের অবস্থানেও উঠে এসেছে।
মাত্র ১৬ বছর বয়সেই এমন রেকর্ড গড়ে ক্যাভান সুলিভান শুধু ফিলাডেলফিয়া ইউনিয়নের ভবিষ্যৎ তারকা হিসেবে নয়, MLS-এর অন্যতম আলোচিত তরুণ প্রতিভা হিসেবেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন।



