ওয়েস্ট ফিলাডেলফিয়ায় শনিবার সকালে গুলির ঘটনায় শেন সাইবার নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ আরেক কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল হলেও তিনি এখনো পুরোপুরি বিপদমুক্ত নন।
পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, ৪০ বছর বয়সী কর্মকর্তা শেন সাইবার দায়িত্ব পালনের সময় তিনবার গুলিবিদ্ধ হন। তাঁকে পেন প্রেসব্যাটেরিয়ান মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। সাইবার ফিলাডেলফিয়া পুলিশ বিভাগে ১০ বছর ধরে কাজ করছিলেন। তিনি স্ত্রী ও ৭ এবং ৩ বছর বয়সী দুই সন্তান রেখে গেছেন।
ঘটনায় আহত অপর কর্মকর্তার বয়স ৩৩ বছর। পুলিশ কমিশনার কেভিন বেথেল জানান, ওই কর্মকর্তা ১২টি গুলিতে আহত হয়েছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আহত কর্মকর্তার অবস্থা স্থিতিশীল, তবে ‘তিনি এখনো বিপদমুক্ত নন।’
পুলিশ কমিশনারের বক্তব্য অনুযায়ী, রাত ১২টা ২২ মিনিটে ১৪০ নর্থ ৫২তম স্ট্রিটের একটি বাড়ির সামনের বারান্দায় এক ব্যক্তির কাছে বন্দুক থাকার খবর পেয়ে পুলিশকে সেখানে পাঠানো হয়। কর্মকর্তারা প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছান। বারান্দার কাছে যাওয়ার সময় তাঁদের লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ করা হয়।
বেথেল জানান, সন্দেহভাজন ব্যক্তি পুলিশ কর্মকর্তাদের দিকে আরও কয়েকবার গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিলাডেলফিয়া পুলিশের সোয়াট দল ঘটনাস্থলে যায়। পরে সন্দেহভাজনকে একটি গাছে পাওয়া যায় এবং সেখান থেকে তাকে আটক করা হয়। সন্দেহভাজনের পরিচয় সম্পর্কে পুলিশ এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।
পুলিশ কমিশনার দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রশংসা করে বলেন, তাঁরা নিয়মিত ঝুঁকির মধ্যে প্রবেশ করেন এবং এই কাজের জন্য জীবন উৎসর্গ করেন। তিনি নিহত ও আহত কর্মকর্তাদের জন্য সবার কাছে প্রার্থনা এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের প্রতি সমর্থন চেয়েছেন।
মেয়র শেরেল পার্কার জানিয়েছেন, নগর কর্তৃপক্ষ নিহত কর্মকর্তা সাইবারের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবে। তিনি পরিবারের উদ্দেশে বলেন, ফিলাডেলফিয়ার মানুষ তাঁদের পাশে আছে এবং এই কঠিন সময়ে তাঁরা একা নন।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। আটক সন্দেহভাজনের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।



