নব্বইয়ের আগে আগে ধানমণ্ডির কোনো একটি আর্ট গ্যালারিতে এক সাদা চামড়ার সাথে দেখা—তিনি বোধকরি ছবি দেখে দেখে নোট নিচ্ছিলেন। মনে হলো, ওঁর আমাকে কিছু একটা জিজ্ঞেস করার আছে। স্বাভাবিকভাবেই আমি ইংরেজিতে খানিক বাতচিত করার চেষ্টা করি। কিন্তু মজার ব্যাপার হলো—আমি যেভাবে ইংরেজি বলি, তার থেকে অনেক সাবলীলভাবে তিনি বাংলা বলছেন; অচিরে নিজেই জানালেন—আমার নাম উইলিয়াম রাদিচে, প্লিজ বাংলায় বলুন।
সেদিন থেকে রাদিচে নামটি আমার চিৎপুরে পাকাপাকিভাবে বসে গ্যাছে। আমার বন্ধু দাউদ আল হাফিজ—যে মননলোকে কেতকী কুশারী ডাইসন, কেরোলিন রাইট, ক্লিনটন সিলি, মার্টিন ক্যাম্পশেন—এমন আরও ধারাবাহিক নামনিশানা জানার, খোঁজখবর জমা রাখার এক জীবন্ত বান্ডিল। দাউদের কল্যাণে অতঃপর আমিও তাদের নামধাম জানি, আর একটু জাতে পাতে উঠি।
রাদিচে বাংলার লালিত্যে প্রথম মুগ্ধ হন সত্যজিৎ রায়ের সিনেমা দেখে। বড় অদ্ভুতভাবে দেখি—যে-দুর্গার খাঁটি চঞ্চল বিহ্বলতা দেখে উইলিয়াম বাংলার প্রেমে পড়েছিলেন সেই দুর্গা—উমা দাশগুপ্তও তাঁর সঙ্গে একই সপ্তায় পরলোক গমন করেন। মনে হয়, সত্যিই বুঝি এক অচিন নাড়ীর টান তৈরি হয়েছিল তাদের।
সাধারণভাবে আমরা মনে করি যে, রবীন্দ্রনাথের টানে রাদিচে বাংলা ভাষা ও সংস্কৃতির জন্য ব্যাকুল হয়েছিলেন, কিন্তু আসলে বাংলার দিকে প্রধানত ঝুঁকেছিলেন তিনি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের কারণে। তাঁর অন্তর্লোকে চিরায়ত বিন্যাসের জন্য এক প্রবল পক্ষপাত ছিল, তিনি আমূল ফিদা হয়েছিলেন রামায়ণ আর মহাভারতে।
মধুসূদন দত্তের মেধা ও মনন সম্পর্কে তাঁর অনুসন্ধানও খুব কৌতূহলোদ্দীপক। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল—রবীন্দ্রনাথের তুলনায় মধুসূদনের ভাষাবিন্যাস তাঁর কাছে কতটা বেশি জটিল মনে হয়; রাদিচে উত্তরে বলেন—রবীন্দ্রনাথের তুলনায় মাইকেল বরং সহজতর; কেননা, মধুসূদনের ভাষা অভিধানাশ্রয়ী, এবং তার ইলাস্টিসিটি অনেক কম—প্রতিপক্ষে রবীন্দ্রনাথ অনেক আয়াসসাধ্য ও জটিল, কারণ অভিধানের বেড়ের ভিতর রবীন্দ্রনাথ আবদ্ধ থাকেন না, আর রবীন্দ্রনাথের শব্দ একেকটি শব্দমাত্র নয়—তা সবসময়ই এর চারপাশ ও কল্পনার অসীমতা। সত্যিই কী অসামান্য অদ্ভুত তাঁর পর্যবেক্ষণ!

ধারণা করি, উইলিয়াম রাদিচে পারিবারিকভাবে তাঁর মা শিক্ষক ও সম্পাদক বেটি রাদিচের কল্যাণে একটি সামগ্রিক শিল্প ও ইতিহাসবোধ অর্জন করেছিলেন। সহজাতভাবে রাদিচে ভাবতেন একটি সমগ্র থেকে আংশিকতার দিকে যেতে হয়—এটিই তার আর্টিসট্রির কেন্দ্রীয় কথা, তিনি এভাবেই চিরায়ত ধারণার নিগড়ে বাঁধা। এই অনড় ভাবনা তাঁর শক্তি, আবার এই সিদ্ধান্তই তাঁকে সীমানা ডিঙাতে অসফল করে।
অনুবাদ সম্পর্কে রাদিচের মোক্ষম অবস্থান এভাবেই মোক্ষম—তিনি বলছেন—কোনোকিছু অনুবাদ করার মুখে অনুবাদিতব্য লেখাটি হতে পারে একটি নাতিদীর্ঘ কবিতা, অথবা আস্ত এপিক মেঘনাদবধ কাব্য—শুরুতে তাদেরকে একটি সমগ্র হিসাবে ভাবতে হবে—এর কেন্দ্রীয় দার্শনিক প্রণোদনাটুকু সম্পূর্ণ আত্মস্থ করেই তবে অনুবাদকর্মে নামতে হবে।
এই সমগ্র চিন্তা অনুবাদের ক্ষেত্রে তাঁকে হীরক ফল এনে দিয়েছে, কিন্তু বাংলা বোধি ও শিল্পের জন্মসূত্র আবিষ্কারে কিছুটা নেতিফলও দিয়েছে বটে। তিনি নিজেকে সম্পূর্ণ রুজু করেন উপনিষদীয় জ্ঞানতত্ত্বের আঙিনায়, তার বাইরে যে দীর্ঘ পথচলার এক সুফী মার্গ আছে আমাদের, আছে বাউল ঘরানা ও নদীয়ার ভাব—সেই উদ্যানের সন্ধান তিনি পাননি।
অরগানাইজড বুদ্ধিমত্তার উপরি জৌলুস থেকে রাদিচে বাইরে যেতে পারেননি—ফলে তাঁর সবটুকু অভিনিবেশ ও তৎপরতা আমাদের সামনে সাকুল্যে যা হাজির করে তা পশ্চিমের মেটাফিজিক্স; পশ্চিমে যা মেটাফিজিক্সের দুনিয়া আমাদের এখানে তা মরমিয়া—যার মুহ্যমান বিভার খোঁজ উইলিয়াম রাদিচে পেতে পেতেও পেয়ে ওঠেননি; নগদে প্রমাণ দিলে হয়তো এভাবে বলা যায়—রাদিচের দেখা হয়েছিল সুশীল উচ্চ বংশীয় কাহ্নপাদের সাথে, কিন্তু তাঁর দেখা হলো না লোককবি চন্দ্রাবতীর সনে।
ফলে তিনি শরীরের মোলাকাত পেয়েছেন, কিন্তু পাননি দেহের সন্ধান। আধুনিক পশ্চিমি শিল্পতত্ত্বে শরীর আছে, কিন্তু দেহ নাই। উইলিয়াম রাদিচে বাংলা ও বাঙালি জ্ঞানতৃষার নিগূঢ় বোধির সন্ধানে যেই লেখক ও বুদ্ধিজীবী সম্প্রদায়ের নাগাল পেয়েছিলেন তাঁদের বোধিতে দর্শন আছে কিন্তু ঋষিজীবী বোধি নাই। কেননা আমাদের এখানেও একটি মিস্টিকতার মোড়ক আছে—যা ভাঙার জন্য এমন কোনো ভঙ্গুর সাধুর হাত রাদিচে পাননি, যাকে সুবাসে বর্ণে বলতে পারেন—আমায় হাত ধরে নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না।

এই অনিবার্য খামতিটুকু কাটিয়ে ওঠার একটি মৃদু উদ্যোগ দেখি তাঁর মিথস অ্যান্ড লিজেন্ডস অব ইন্ডিয়া বইটিতে। ওখানে তিনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এবং আদিবাসী লোকগল্প ও পৌরাণিক কাহিনি নির্বাচন করেন—যাদের সম্মিলিত পার্শ্বক্রিয়ার ভিতর প্রকৃত ভারতীয় শিল্পতত্ত্বের পত্তনি ঘটে।
কিন্তু দিনশেষে সর্বোপরি উইলিয়াম রাদিচের বাংলাপ্রাণ খোঁজাখুঁজির নাছোড় জড়িত থাকার মানসকে আমাদের প্রণতি জানাতেই হয়। তাঁর কল্যাণেই রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বাংলা শিখার সহজপাঠ ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে সারা দুনিয়ার ঘরে ঘরে পৌঁছে।
গেল ১০ নভেম্বর থেকে রাদিচে নামটি বেশ খানিক জায়গাজুড়ে বাঙালি বিদ্বৎসমাজে ঘুরেফিরে আসে। ১০ নভেম্বর, ২০২৪ তারিখে উইলিয়াম রাদিচে দৃশ্যমান দুনিয়ার নড়াচড়া থেকে অদৃশ্যতার চিত্রকল্পে ডুব দেন। তিনি যে পৌরাণিক সৃষ্টিতত্ত্বে আমল এনেছিলেন সেখানে চিরতরে বিনাশ বলে কিছু নেই; সেখানে আছে জীবন-মৃত্যু, সৃষ্টি-বিলয়ের চক্রের কথা : প্রত্যেক প্রাণ ও প্রাণী কালের পরম্পরায় আবার ফিরে ফিরে আসে; ফলে ধরে নিই উইলিয়াম রাদিচেও ক্ষণকালের জন্য অন্তরীণ হয়ে আছেন মাত্র, চিরতরে চলে যাননি।
আমরা স্থির সংকল্পে বিশ্বাস করি—এমন নিখাদ একজন বাংলাপ্রেমিক আবার যখন ফিরে আসবেন—তিনি তাঁর ঊনতাগুলো কাটিয়ে উঠে অতি অবশ্য সমগ্রের হয়ে উঠবেন।
বদরুজ্জামান আলমগীর প্রণীত অন্যান্য রচনা




