১৮ এপ্রিল ২০২৬ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল ‘কালার বিয়ন্ড বর্ডার্স’ শিরোনামে SharinasArtyCrafty-র ৩য় জুরি প্রদর্শনী। দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মাউন্ট লরেলের ভোটা হলে অনুষ্ঠিত এই আয়োজনটি ছিল শিল্প, সৃজনশীলতা এবং তরুণ প্রতিভার এক অনন্য মিলনমেলা।

প্রায় ১২ বছর আগে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির এক ছোট্ট মেয়ে শরীনার শিল্পচর্চার আগ্রহ থেকেই যাত্রা শুরু হয় SharinasArtyCrafty-র। শিল্পী মশিউল চৌধুরীর তত্ত্বাবধানে সেই ছোট্ট উদ্যোগ আজ পরিণত হয়েছে তরুণ শিল্পীদের একটি প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্মে।

সংগঠনটির শিক্ষার্থীরা নিয়মিত স্টুডিওতে মিলিত হওয়ার পাশাপাশি আউটডোর পেইন্টিং, জাদুঘর ও উদ্যান ভ্রমণের মাধ্যমে তাদের সৃজনশীলতা বিকশিত করার সুযোগ পায়। এরই ধারাবাহিকতায় এবারকার প্রদর্শনীতে অংশ নেয় মোট ২৮জন শিক্ষার্থী, যাদের আঁকা মোট ১৩৪টি চিত্রকর্ম স্থান পায়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জুরি অ্যাওয়ার্ড ঘোষণা। এতে প্রথম স্থান অর্জন করেন আনিয়া আজিম, দ্বিতীয় হন ফারহীন ইকবাল এবং তৃতীয় স্থান অধিকার করেন যায়নাব বেলাল।
এছাড়াও সম্মানজনক উল্লেখ পেয়েছেন জায়ান ইসলাম, সামাইরা নাইলা, রাজিন রাফসান, রাইনা জাহান, রাহমাহ ফেরদৌস আলম, এলান জামান, আশির আজিম, আনুম কুরেশি, আরিজ বেলাল ও আফশীন শাফায়েত।

আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে শিল্পচর্চায় উৎসাহিত করার পাশাপাশি কমিউনিটির সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তুলবে।
আশরাফুল ইসলাম আরিফ



