মিনেসোটায় এসএনএপি জালিয়াতি : ফুড গ্রোসারি মালিকের বিরুদ্ধে মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ।
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় খাদ্য সহায়তা কর্মসূচি এসএনএপি (SNAP) জালিয়াতির এক ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, প্রতারণার মাধ্যমে তিনি এক মিলিয়ন ডলারের বেশি অর্থ আত্মসাৎ করেছেন।
অভিযুক্ত আবদিদ ওয়াহিদ মোহামেদ ‘মিনেসোটা ফুড গ্রোসারি এলএলসি’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। তদন্তকারী সংস্থার দাবি, তিনি ২০২১ সাল থেকে অন্যদের নামে নিবন্ধিত ইবিটি (EBT) কার্ড ব্যবহার করে স্যামস ক্লাব ও কস্টকো থেকে পণ্য কিনতেন এবং পরে সেগুলো নিজের দোকানে পুনরায় বিক্রি করতেন।
হেনেপিন কাউন্টি কর্তৃপক্ষ জানায়, মোহামেদের কেনাকাটার কার্যক্রম দীর্ঘদিন পর্যবেক্ষণ করা হয়। তদন্তকারীরা তাকে পণ্যসহ দোকান পর্যন্ত অনুসরণ করেন। সিসিটিভি ফুটেজ ও জিপিএস তথ্য বিশ্লেষণ করে এসব কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে।
তদন্তে আরও উঠে এসেছে, যেসব ইবিটি কার্ড ব্যবহার করা হয়েছে, সেগুলোর অনেক মালিকই ঘটনার সময় যুক্তরাষ্ট্রের বাইরে ছিলেন। আবার কেউ কেউ জানিয়েছেন, তারা কখনো ওই দোকানগুলোতে কেনাকাটাই করেননি।
এসএনএপি হলো যুক্তরাষ্ট্র সরকারের একটি ফেডারেল খাদ্য সহায়তা কর্মসূচি, যার মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলো ইবিটি কার্ড ব্যবহার করে খাদ্যসামগ্রী কিনতে পারে।
অভিযোগপত্র অনুযায়ী, মোহামেদ ইবিটি লেনদেনের মাধ্যমে মোট ১১ লাখ ৪১ হাজার ৮২ ডলার গ্রহণ করেছেন। কর্তৃপক্ষের ভাষ্য, পুরো কার্যক্রমটি দীর্ঘ সময় ধরে সুপরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে আবদিদ ওয়াহিদ মোহামেদের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড অথবা এক লাখ ডলার জরিমানার মুখোমুখি হতে হতে পারেন।
আশরাফুল ইসলাম আরিফ



