ফিলাডেলফিয়া, ১৬ জুলাই : যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নর্থইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টার (টাইসন মসজিদ)-এ অগ্নিসংযোগের ঘটনায় ভিনসেন্ট ল্যাং (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল অভিযোগ দায়ের করা হয়েছে।
ফেডারেল তদন্ত সংস্থা (ATF) জানায়, গত ৫ জুলাই মুখোশধারী এক ব্যক্তি দাহ্য বস্তু মসজিদের ভেতরে নিক্ষেপ করে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ঘটনায় কেউ আহত না হলেও মসজিদের ভবনের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। এক পথচারীর তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধির কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

তদন্তে অভিযুক্তের মোবাইল ফোনের অবস্থান, নজরদারি ক্যামেরার ফুটেজ, গাড়িতে থাকা ইসলামবিদ্বেষী লেখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে করা উসকানিমূলক মন্তব্যসহ একাধিক গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে। তদন্তকারীদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ইসলামবিদ্বেষী ও বর্ণবাদী বক্তব্য প্রচার করতেন এবং মসজিদে আগুন দেওয়ার পরিকল্পনার কথাও বিভিন্ন সময়ে প্রকাশ করেছিলেন।
ATF-এর ফিলাডেলফিয়া ফিল্ড ডিভিশনের বিশেষ অ্যাজেন্ট ইন চার্জ এরিক ডিগ্রি বলেন, “উপাসনালয়ে অগ্নিসংযোগের ঘটনাকে ATF সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে আমরা সব ধরনের সম্পদ ও সক্ষমতা কাজে লাগাচ্ছি।”

এদিকে, তদন্তে দ্রুত অগ্রগতি এবং অভিযুক্তকে শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ATF, ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ, ফিলাডেলফিয়া ফায়ার মার্শাল অফিস এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় মুসলিম কমিউনিটির নেতারা। তারা ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
আশরাফুল ইসলাম আরিফ



