সংবাদ

কানাডার দাবানলের ধোঁয়ায় ফিলাডেলফিয়ার বায়ুদূষণ বেড়েছে, পেনসিলভানিয়া ও নিউজার্সিতে ‘কোড রেড’ সতর্কতা

শেয়ার করুন:

ফিলাডেলফিয়া : কানাডার চলমান দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ায় ফিলাডেলফিয়াসহ আশপাশের এলাকায় বায়ুর মান উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। এ পরিস্থিতিতে পেনসিলভানিয়া ও নিউ জার্সিতে ‘কোড রেড’ এবং ডেলাওয়্যারে ‘কোড অরেঞ্জ’ বায়ুদূষণ সতর্কতা জারি করা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ফিলাডেলফিয়ার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) প্রায় ১৬৪, যা ‘Unhealthy (অস্বাস্থ্যকর)’ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং হাঁপানি, সিওপিডি বা অন্যান্য শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য স্বাস্থ্যঝুঁকি বেশি।

বায়ুর মান সূচক (AQI) অনুযায়ী, ১৫১–২০০ হলে তা সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১–৩০০ হলে অত্যন্ত অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে জরুরি স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিস্থিতি হিসেবে বিবেচিত হয়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) জানিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত কানাডার দাবানলের ধোঁয়ার প্রভাব সবচেয়ে বেশি থাকবে। শুক্রবার থেকে বাতাসের গতিপথ পরিবর্তনের ফলে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে।

স্বাস্থ্য কর্মকর্তারা শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং হাঁপানি, সিওপিডিসহ শ্বাসতন্ত্রের রোগে আক্রান্তদের অপ্রয়োজনীয় বাইরে অবস্থান ও কঠোর শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি লন কাটার যন্ত্র ব্যবহার, কয়লার গ্রিল জ্বালানো এবং অপ্রয়োজনীয় যানবাহন চলাচল কমানোর আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে বাইরে বের হলে উচ্চমানের মাস্ক (যেমন N95 বা KN95) ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে।


ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *