—ফিলাডেলফিয়ায় তিন দিনের আন্তর্জাতিক বাংলা নাট্যোৎসব
— কুশীলব পশ্চিমবঙ্গের নাট্যজনদের একটি নাট্য প্রয়াস- আজ ১০ বছরে : প্রবাসে বাংলা নাটকের এক অনন্য মাইলফলক
প্রবাসে ভাষা, সংস্কৃতি ও শিকড়কে বাঁচিয়ে রাখার সংগ্রামে শিল্প-সাহিত্য বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াভিত্তিক নাট্যদল কুশীলব এক দশক ধরে বাংলা নাট্যচর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। পশ্চিমবঙ্গের নাট্যজনরা কিছু তরুন ও নতুন প্রজন্ম নিয়ে ২০১৬ সালে যাত্রা শুরু করেন। সংগঠনটি এবার উদযাপন করছে তাদের গৌরবময় ১০ বছর পূর্তি, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব।
আগামী ৭, ৮ ও ৯ আগস্ট ফিলাডেলফিয়ার ঐতিহ্যবাহী The Proscenium Theatre এবং Louis Bluver Theatre at The Drake-এ অনুষ্ঠিত হবে এই উৎসব। “10 Years. Many Voices. One Stage.” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ উৎসবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত নাট্যদল ও শিল্পীরা বাংলা, ইংরেজি, হিন্দি এবং বহুভাষিক নাটক মঞ্চস্থ করবেন।
মাত্র কয়েকজন নাট্যপ্রেমীর উদ্যোগে শুরু হওয়া কুশীলব আজ প্রবাসী বাংলা নাটকের অন্যতম শক্তিশালী সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। গত এক দশকে তারা ২০টিরও বেশি নাট্যপ্রযোজনা, অনলাইন থিয়েটার, কর্মশালা এবং আন্তর্জাতিক সহযোগিতামূলক প্রকল্পের মাধ্যমে বাংলা নাট্যচর্চাকে নতুন মাত্রা দিয়েছে। ২০২২ সালে শুরু হওয়া “Kushilob & Friends” এখন উত্তর আমেরিকার দক্ষিণ এশীয় নাট্যদলগুলোর অন্যতম মিলনমেলায় পরিণত হয়েছে।
আয়োজকদের মতে, এই উৎসব শুধু নাটক প্রদর্শনের আয়োজন নয়; এটি প্রবাসী মানুষের স্মৃতি, পরিচয়, ভাষা, অভিবাসন, পরিবার, ন্যায়বিচার ও সাংস্কৃতিক অস্তিত্বের গল্পকে বৃহত্তর সমাজের সামনে তুলে ধরার একটি সৃজনশীল মঞ্চ। একই সঙ্গে এটি ফিলাডেলফিয়াকে দক্ষিণ এশীয় পারফর্মিং আর্টসের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।

তিন দিনের উৎসবে ওয়াশিংটন ডিসি, নিউ জার্সি, ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়া ও অন্যান্য অঙ্গরাজ্য থেকে আগত নাট্যদল বিভিন্ন নাটক, প্রামাণ্যচিত্র ও একক পরিবেশনা উপস্থাপন করবে। সমাপনী দিনে আবারও মঞ্চস্থ হবে কুশীলবের নিজস্ব প্রযোজনা “ভবিষ্যতের স্মৃতি”, যা দলটির শিল্পভাবনা ও ভবিষ্যৎ দর্শনের প্রতিফলন বহন করবে।
সংগঠনের ভাষ্য অনুযায়ী কুশীলব কেবল পশ্চিমবঙ্গ বা বাংলা অঞ্চলের নাট্যঐতিহ্য পুনরাবৃত্তি করে না; বরং প্রবাসী জীবনের বাস্তব অভিজ্ঞতা, বহুসাংস্কৃতিক সমাজে বেড়ে ওঠা নতুন প্রজন্মের পরিচয়বোধ এবং পরিবর্তিত সময়ের গল্পকে নাটকের ভাষায় রূপ দেয়। এই কারণেই গত এক দশকে কুশীলব শুধু একটি নাট্যদল নয়, প্রবাসী বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে।
দশ বছর পূর্তির এই আয়োজন তাই শুধু একটি উৎসব নয়; এটি প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও নাট্যচর্চার সাফল্যের এক উজ্জ্বল অধ্যায়, যা ভবিষ্যৎ প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত থাকার নতুন অনুপ্রেরণা জোগাবে।
ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা



