Uncategorized

ফিলাডেলফিয়ার পাবলিক স্কুলে বড় সাফল্য : জাতীয় র‌্যাংকিংয়ে মাস্টারম্যান তৃতীয়

শেয়ার করুন:

ফিলাডেলফিয়া, ২১ আগস্ট ২০২৬ : যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ শিক্ষা মূল্যায়ন প্রতিষ্ঠান U.S. News & World Report-এর সর্বশেষ Best Schools Rankings-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ফিলাডেলফিয়া স্কুল ডিস্ট্রিক্ট। দেশব্যাপী র‌্যাংকিংয়ে অন্তর্ভুক্ত প্রায় ১৮ হাজার উচ্চবিদ্যালয়ের মধ্যে ডিস্ট্রিক্টের চারটি উচ্চবিদ্যালয় জায়গা করে নিয়েছে শীর্ষ ৩.৯ শতাংশে। এর মধ্যে দুটি বিদ্যালয় জাতীয়ভাবে সেরা ১২০টির মধ্যে স্থান পেয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে Julia R. Masterman Secondary School। গত বছর জাতীয়ভাবে ৮ম অবস্থানে থাকা বিদ্যালয়টি এবার সাত ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছে। এর ফলে এটি যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন উচ্চবিদ্যালয়ের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এদিকে Central High School গত বছরের তুলনায় ৮৯ ধাপ এগিয়ে এবার জাতীয়ভাবে ১১৯তম অবস্থান অর্জন করেছে। Academy at Palumbo High School রয়েছে ৪১৩তম এবং G.W. Carver High School of Engineering & Sciences রয়েছে ৬৭০তম অবস্থানে। উভয় বিদ্যালয়ই গত বছর জাতীয় সেরা ১,০০০-এর মধ্যে ছিল এবং এবার সেরা ৭০০-এ উঠে এসেছে।

ফিলাডেলফিয়া স্কুল ডিস্ট্রিক্টের এই সাফল্য শুধু উচ্চবিদ্যালয়ে সীমাবদ্ধ নয়। পেনসিলভেনিয়ার ৬৭৫টি উচ্চবিদ্যালয়ের মধ্যে ডিস্ট্রিক্টের চারটি বিদ্যালয় সেরা ৩০-এর মধ্যে স্থান পেয়েছে। একইভাবে রাজ্যের ২ হাজার ৬৬০টি মধ্যবিদ্যালয়ের মধ্যে ছয়টি ফিলাডেলফিয়া স্কুল সেরা ২৫-এ এবং প্রায় ৩ হাজার ৫০০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চারটি সেরা ১০০-তে স্থান অর্জন করেছে।

এই অর্জনে সন্তোষ প্রকাশ করে ফিলাডেলফিয়া স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট Tony B. Watlington Sr., Ed.D. বলেন, শিক্ষার্থী, শিক্ষক, স্কুলের নেতৃত্ব, কর্মী ও পরিবারের সদস্যদের সম্মিলিত কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফলেই এ সাফল্য এসেছে।

তিনি বলেন, Masterman ও Central-এর উল্লেখযোগ্য অগ্রগতি এবং Palumbo ও Carver-এর জাতীয় র‌্যাংকিংয়ে উন্নতি ফিলাডেলফিয়ার পাবলিক শিক্ষাব্যবস্থার ধারাবাহিক অগ্রগতির প্রমাণ। প্রাথমিক, মধ্য ও উচ্চ—সব স্তরে বিদ্যালয়গুলোর স্বীকৃতি শহরের বিভিন্ন এলাকার পাবলিক স্কুলে শিক্ষার মানোন্নয়নের চিত্র তুলে ধরেছে।

সুপারিনটেনডেন্ট আরও বলেন, ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য আরও ত্বরান্বিত করা এবং প্রত্যেক শিক্ষার্থীকে তার কাঙ্ক্ষিত ভবিষ্যৎ নির্মাণের সুযোগ করে দিতে ডিস্ট্রিক্ট কাজ করে যাবে।

ফিলাডেলফিয়া স্কুল ডিস্ট্রিক্টের পক্ষ থেকে বলা হয়েছে, এই অর্জন ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পুরো স্কুল কমিউনিটির অংশীদারত্বের মাধ্যমে ফিলাডেলফিয়াকে যুক্তরাষ্ট্রের বৃহৎ নগর স্কুল ডিস্ট্রিক্টগুলোর মধ্যে দ্রুততম উন্নয়নশীল ডিস্ট্রিক্টে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *