অর্থনীতি

বাংলাদেশি-আমেরিকান নিহাদ রহমানের নেতৃত্বাধীন এজিক্যাটার ২৩০ কোটি ডলারে কিনছে উবার

শেয়ার করুন:
    • বড় করপোরেট ক্যাটারিং বাজারে উবারের প্রবেশ, যুক্ত হবে ১ লাখ ৪০ হাজারের বেশি রেস্তোরাঁ

ফিলাডেলফিয়া প্রতিনিধি

বাংলাদেশি-আমেরিকান নির্বাহী নিহাদ রহমানের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের ক্যাটারিং প্রযুক্তি প্রতিষ্ঠান এজিক্যাটার (ezCater) ২৩০ কোটি ডলারে অধিগ্রহণ করতে চুক্তি করেছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি ও পরিবহন প্রতিষ্ঠান উবার টেকনোলজিস। পুরো অর্থ নগদে পরিশোধের মাধ্যমে এ অধিগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা করেছে উবার।

বোস্টনভিত্তিক এজিক্যাটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিহাদ রহমান ২০২২ সালে প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি জেপিমরগ্যান চেজে ব্যবস্থাপনা পরিচালক এবং জেনারেল ইলেকট্রিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি এজিক্যাটারের অন্তর্বর্তী সিইও হন এবং একই বছরের মে মাসে স্থায়ীভাবে সিইও হিসেবে নিয়োগ পান।

এজিক্যাটার যুক্তরাষ্ট্রজুড়ে ১ লাখ ৪০ হাজারের বেশি রেস্তোরাঁকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও করপোরেট গ্রাহকের সঙ্গে যুক্ত করে। অফিসের অনুষ্ঠান, সভা, কর্মীদের খাবার এবং বড় আকারের ক্যাটারিং অর্ডার ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির বিশেষায়িত প্রযুক্তি প্ল্যাটফর্ম রয়েছে।

উবারের তথ্য অনুযায়ী, এজিক্যাটার গত ১২ মাসে ২৫০ কোটি ডলারের বেশি গ্রস বুকিং করেছে এবং প্ল্যাটফর্মটির গড় অর্ডারের মূল্য ৪০০ ডলারের বেশি। ফলে ব্যক্তিগত খাবার সরবরাহের পাশাপাশি বড় অর্ডার ও করপোরেট ক্যাটারিং বাজারে প্রবেশের জন্য এজিক্যাটারকে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখছে উবার।

অধিগ্রহণ সম্পন্ন হলে এজিক্যাটারের ক্যাটারিং ও ব্যবসা-টু-ব্যবসা (B2B) কার্যক্রমকে Uber Eats এবং Uber for Business-এর সঙ্গে একীভূত করা হবে। এতে উবারের বিদ্যমান রেস্তোরাঁ ও ডেলিভারি নেটওয়ার্কের সঙ্গে এজিক্যাটারের বিশাল ক্যাটারিং নেটওয়ার্ক যুক্ত হবে।

বাংলাদেশি-আমেরিকান একজন শীর্ষ নির্বাহীর নেতৃত্বে গড়ে ওঠা প্রতিষ্ঠানের এমন বড় অঙ্কের অধিগ্রহণচুক্তি প্রবাসী বাংলাদেশিদের জন্যও একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী কয়েক মাসের মধ্যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার কথা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *