স্পর্শ
দ্যাখো—আকাশ পোড়াই।
হাতের প্রকোষ্ঠে রাখি নিখুঁত জলরঙ।
কপালের লাল কাপড়ে উড়ুক নিসর্গের দাম্ভিক মহাকাব্য
নিয়তিতে স্পর্শ বেঁধে
এইবেলা কারুকায় নামুক বখাটে পুরুষ।
কণ্ঠে আকুলতা ঝোলাক কিশোরী তার মায়াবীতে
লোকারণ্যের আড়াল জানুক এইসব ভাবনা-বৈভব।
দারুণ ধুসর পালক উড়িয়ে আসে মৃত্যু
বৈঠকে ঠকে যাওয়া তাসের গল্পে
জমাট বরফের খোলস ডাকে আয়…আয়…
মরমে নিষিদ্ধ যখন সকল সত্য সহজিয়া।
কার কাছে রাখি এই শূন্য জলরেখা তবে?
দ্যাখো—হাসির মুগ্ধতা পোড়ে শাদাটে ওড়নায়।
চোখের কর্নিয়া নামে তার স্থির মুখাবয়ব।
চিঠি
শীতের আহ্বানে নেমেছে নরম আলো
ভোরের গান শোনায় পরিচিত পাখি।
শার্টের বোতামে রুয়ে আছে অপলক চোখ।
চোখের কার্নিশে ঘুমের, ঘুমের দরোজায়, জমাট কুয়াশা।
জানা নেই
এ পথে কে কবে ফিরে যাবে ঠিকানায়।
যাদের নেই তাগিদ ফেরার,
দেখে নেবে তারাও পলাতক মেঘের সীমানা, দিগন্তকাল।
না জেনে এ গানের সুরে ডুবেছে ঠোঁটের সাহস
বর্ণমালার সব চিহ্নে সরল আয়ুরেখা চেনাচ্ছে নির্ভুল উপমা।
চিঠি পৌঁছেছে।
নীল শহরে জন্মেছে পবিত্র দুঃখ চিন্তা এক…
ব্যাকরণ
নামজাদা নষ্টামি ভেঙেছে দহনপ্রহর প্রাক্তনের।
পেরুনো গেল শস্যরঙা সমূহ উপাচার।
হলো নতুন কালের সারাংশে এই মুখরতা চিনে নেয়া
বাড়ালো জীবন আরো কিছুটা ক্ষণ
যেন ক্লান্ত ভীষণ সময় জুড়ে পথের ভাবনা আঁকা
জীবন—চাপা সুবাস নিয়ে ভাসে দূরে।
দূরত্বে দাঁড়িয়ে কেমন নির্লজ্জ নিজকে চেয়ে দেখে নিজের জোড়া চোখ!
এ বিস্ময় চিরায়ত, জাতিদৃশ্যের পরম্পরায় নিশ্চুপ দাঁড়িয়েছে।
বহুরূপী রঙ থাকুক একাকারে ছায়াসংগীতের চড়ুই।
গানে, প্রাণে, প্রাণনের পাঠে।
দরোজা খুলে দাও, হে কৃতঘ্ন পৃথিবী
বুকে এঁকেছি রেখে সহজিয়া অঙ্গার
নেই কোথাও কেউ,কোনদিন ছিলো না কখনো
ধুলো, জন্ম, জরা জানে যার প্রিয় ইতিকথা।
চিন্তা
ধর্মান্ধ চেতনা হতে আশ্রয় প্রার্থনা করি।
বিতাড়িত স্বৈরতা হতে আশ্রয় প্রার্থনা করি।
পরাজিত রাজনৈতিক বদ্ধতা হতে আশ্রয় প্রার্থনা করি।
নবজাত ভ্রান্ত ন্যায্যতা হতে আশ্রয় প্রার্থনা করি।
সমস্ত রাজনৈতিক শক্তি ও চিন্তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি
সমস্ত সাহিত্য নোংরামি, পীরবাজি কুকুরবৃত্তিকে প্রত্যাখ্যান করি
সমস্ত ক্ষমতা,খ্যাতি ও চিন্তার লোভকে প্রত্যাখ্যান করি
নিশ্চুপ পাঁজরে ঘুমোয় বিহার সোমপুরের চুরাশি সিদ্ধা
ভাসুবিহার, ময়নামতি, ব্রজযোগিনী, অতীশ শ্রীজ্ঞান, লালন ফকির…
বিতাড়িত অহংবোধ হতে আশ্রয় প্রার্থনা করি
অন্ধ-অদেখা বিশ্বাস হতে আশ্রয় প্রার্থনা করি।
এমরান হাসান প্রণীত অন্যান্য রচনা

এমরান হাসান । কবি ও গদ্যকার
জন্ম ১৩ নভেম্বর, সম্মিলিত সামরিক হাসপাতাল, যশোর ।
শিক্ষা : বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর।
গবেষণা করছেন আদি ও আখড়াই ঘরানার লালনসংগীতের সুর ও ভেদতত্ত্ব নিয়ে।
প্রকাশিত কবিতাবই : হাওয়াঘরের মৃত্যুমুদ্রা (২০২১), মোহনীয় মৃত্তিকাগণ(২০২৪), লালনপর্ব (২০২৫)।
পুরস্কার : অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি পুরস্কার (২০২৪)।



