সৌদি আরবের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর; আগামী বছর হজ পালনের সুযোগ পাবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের হজযাত্রীদের জন্য সুখবর। ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য আরও ৫ হাজার কোটা বাড়িয়েছে সৌদি আরব। ফলে আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরের পর এ ঘোষণা দেওয়া হয়। এর আগে বাংলাদেশের জন্য নির্ধারিত হজ কোটা ছিল ৭৮ হাজার ৫০০।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জেদ্দায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ।
চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বাংলাদেশের বিশেষ অনুরোধে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ৫ হাজার হজ কোটা অনুমোদন করে সৌদি আরব। এতে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজযাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।

তবে বাংলাদেশের পক্ষ থেকে ভবিষ্যতে আরও হজ কোটা বাড়ানোর বিষয়টিও আলোচনায় তোলা হয়। এ ক্ষেত্রে মক্কার মিনায় তাঁবুর সীমিত ধারণক্ষমতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন সৌদি কর্মকর্তারা। বৈঠকে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী আশ্বস্ত করেন, অন্য কোনো দেশ তাদের জন্য বরাদ্দ করা কোটা পূরণে ব্যর্থ হলে কিংবা কোটা ছেড়ে দিলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এতে ভবিষ্যতে বাংলাদেশের হজ কোটা আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি, যাত্রীসেবা এবং সার্বিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের হজযাত্রীদের জন্য কোটা বৃদ্ধি এবং সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ, সুশৃঙ্খল ও সেবামুখী করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। বর্ধিত কোটা কার্যকরভাবে কাজে লাগানো, হজযাত্রী নিবন্ধন ও আনুষঙ্গিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং নিরাপদ ও নির্বিঘ্ন হজযাত্রা নিশ্চিত করাই এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।



