আবাহনীর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বাফুফের পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদককে হারিয়ে শোকের ছায়া দেশের ক্রীড়াঙ্গনে
নিজস্ব প্রতিবেদক
দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশের আধুনিক ফুটবলের বিকাশ, সংগঠন ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলার অন্যতম কারিগর, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই। সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন হারুনুর রশীদ। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর মৃত্যুতে দেশের ফুটবল ও ক্রীড়া সংগঠকদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর রাজধানীর ধানমন্ডিতে আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ তাঁর জন্মস্থান লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আবাহনীর প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আবাহনী লিমিটেড আজ যে সুপ্রতিষ্ঠিত অবস্থানে পৌঁছেছে, তার পেছনে যাঁদের শ্রম, মেধা ও দূরদর্শিতা রয়েছে, হারুনুর রশীদ তাঁদের অন্যতম। ক্রীড়াঙ্গনে তিনি সবার কাছে ‘হারুন ভাই’ নামেই পরিচিত ছিলেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে আধুনিক ও আন্তর্জাতিক মানের একটি ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন শেখ কামাল। সেই উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হারুনুর রশীদ। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে ক্লাবটির সাংগঠনিক ভিত্তি তৈরি, ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন প্রজন্মের খেলোয়াড় গড়ে তোলায় তিনি নিরলস কাজ করেছেন।
ফুটবল, ক্রিকেট ও হকিসহ বিভিন্ন খেলায় আবাহনীর অংশগ্রহণ ও সাফল্যের ভিত্তি নির্মাণে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। শুধু সংগঠক হিসেবেই নয়, আবাহনীর ঐতিহ্যবাহী লোগোটির নকশাও করেছিলেন তিনি নিজ হাতে। জাতিসংঘের পতাকার রঙের অনুপ্রেরণায় লতা-পাতার নকশা সংযুক্ত করে তৈরি করেছিলেন ক্লাবটির পরিচিত প্রতীক।

দেশের ফুটবল প্রশাসনেও গুরুত্বপূর্ণ অবদান
আবাহনীর পাশাপাশি দেশের ফুটবল প্রশাসনেও দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন হারুনুর রশীদ। তিনি পাঁচবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক ক্রীড়া প্রশাসনেও ছিল তাঁর সক্রিয় পদচারণ। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন। দেশের ফুটবলের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরতেও ভূমিকা রাখেন তিনি।
ক্রীড়াসংগঠক হিসেবে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার ও এএফসির মর্যাদাপূর্ণ গোল্ডেন অ্যাওয়ার্ড। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) তাঁকে সেরা সংগঠকের সম্মাননায় ভূষিত করে। ২০২৩ সালে তিনি লাভ করেন প্রথম কায়সার সিনহা সংগঠক পুরস্কার।

রাজনীতিতেও ছিল সক্রিয় ভূমিকা
ক্রীড়াসংগঠক পরিচয়ের বাইরেও রাজনীতিতে সক্রিয় ছিলেন হারুনুর রশীদ। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যারিস্টার মওদুদ আহমদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন।
তবে সব পরিচয় ছাপিয়ে ক্রীড়াঙ্গনে তাঁর সবচেয়ে বড় পরিচয় ছিল আবাহনীর ‘হারুনভাই’। বাংলাদেশের ফুটবলের বিকাশে তাঁর শ্রম, নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও দূরদর্শিতা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে আবাহনী লিমিটেড, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন ক্রীড়া সংগঠন শোক প্রকাশ করেছে। দেশের ফুটবলে তাঁর অবদান এবং আবাহনীর প্রতিষ্ঠা ও বিকাশে তাঁর ভূমিকা ক্রীড়াপ্রেমীদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।



