সমাজ

হাম নির্মূলের মর্যাদা হারানোর দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র

হাম নির্মূলের মর্যাদা হারানোর দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র
শেয়ার করুন:

যুক্তরাষ্ট্র হাম নির্মূলের মর্যাদা ধরে রাখতে পারবে কি না, তা নির্ধারণে এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছরে দেশটিতে এখন পর্যন্ত ৫ হাজারের বেশি হাম শনাক্ত হওয়ার প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে সামনে এসেছে।

প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) নিয়োগ করা মহামারি-বিদ্যা, জনস্বাস্থ্য, ভাইরোলজি, শিশুরোগ ও টিকাদান বিষয়ে বিশেষজ্ঞদের একটি স্বাধীন দল এ বিষয়ে প্রমাণ পর্যালোচনা করবে। যুক্তরাষ্ট্রে টানা এক বছর হাম সংক্রমণ চলেছে কি না, মূলত সেটিই যাচাই করা হবে। বৈঠকটি ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বন্ধ দরজার আড়ালে অনুষ্ঠিত হওয়ার কথা।

যুক্তরাষ্ট্র হাম নির্মূলের মর্যাদা হারানোর ঝুঁকিতে পড়েছে, বিশেষ করে গত বছর কানাডা একই মর্যাদা হারানোর পর। দেশটি টানা এক বছর ধরে চলা হাম প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সমস্যায় পড়েছিল।

ফিলাডেলফিয়ার চিলড্রেনস হসপিটালের সংক্রামক রোগ বিভাগের চিকিৎসক ও ভ্যাকসিন এডুকেশন সেন্টারের পরিচালক পল অফিট বলেন, এই মর্যাদা হারালে অন্তত সেটি বড় ধরনের সতর্কবার্তা হিসেবে কাজ করবে এবং এটি হবে ‘বিরাট ক্ষতি’।

যুক্তরাষ্ট্রে হাম নির্মূলের ইতিহাস দীর্ঘ। হাম টিকা চালুর আগের দশকে দেশটির প্রায় সব শিশুই ১৫ বছর বয়সের মধ্যে এ রোগে আক্রান্ত হতো। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের হিসাবে, সে সময় প্রতি বছর ৩০ থেকে ৪০ লাখ মানুষ হাম আক্রান্ত হতো, প্রায় ৪৮ হাজার রোগী হাসপাতালে ভর্তি হতো এবং ৪০০ থেকে ৫০০ জন মারা যেতেন। প্রায় ১ হাজার মানুষ মস্তিষ্কে প্রদাহে আক্রান্ত হতেন।

১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রে প্রথম হাম টিকা চালু হয়। ১৯৬৮ সালে উন্নত টিকা বাজারে আসে। সরকারি তথ্য অনুযায়ী, ১৯৬৩ সালে ৩ লাখ ৮৫ হাজার ১৬৫টি নিশ্চিত হাম রোগী শনাক্ত হলেও ১৯৭৩ সালে তা কমে ২৬ হাজার ৬৮৬-তে দাঁড়ায়। ১৯৭১ সালে হাম, মাম্পস ও রুবেলার সম্মিলিত টিকা চালু হয়। পরে ১৯৮৯ সালে শিশুদের জন্য এমএমআর টিকার দ্বিতীয় ডোজের সুপারিশ করা হয়।

২০০০ সালের মধ্যে বছরে হাম শনাক্তের সংখ্যা ৮৫-তে নেমে আসে। এরপর যুক্তরাষ্ট্রে হাম নির্মূল ঘোষণা করা হয়। এর অর্থ ছিল, দেশটিতে অন্তত টানা ১২ মাস হাম সংক্রমণের ধারাবাহিক বিস্তার ছিল না।

তবে ২০২৫ সালের জানুয়ারিতে পশ্চিম টেক্সাসের একটি ছোট শহরে হাম শনাক্ত হওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। পরে ভাইরাসটি টেক্সাসের পার্শ্ববর্তী কাউন্টিগুলোতে ছড়িয়ে পড়ে। উটাহ, অ্যারিজোনা, সাউথ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়াসহ অন্যান্য অঙ্গরাজ্যেও হাম প্রাদুর্ভাবের খবর আসে।

গত প্রায় দুই বছরে হামজনিত ১১টি মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে। মৃতদের বেশিরভাগই টিকা না নেওয়া ব্যক্তি অথবা টিকা নেওয়ার বয়স হয়নি—এমন শিশু ছিলেন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ২ হাজার ২৮৯টি নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়, যা ১৯৯২ সালের পর প্রথমবার ২ হাজার ছাড়ায়। চলতি বছরে অন্তত ৫ হাজার ১৮২টি হাম রোগী শনাক্ত হয়েছে; এসব ঘটনা ৪৫টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে ছড়িয়েছে।

টেক্সাসে ২০২৫ সালের জানুয়ারিতে শনাক্ত হওয়া সংক্রমণের সঙ্গে পরবর্তী অঙ্গরাজ্যগুলোর সংক্রমণের যোগসূত্র আছে কি না, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যোগসূত্র থাকলে যুক্তরাষ্ট্রে টানা এক বছর হাম সংক্রমণ চলেছে বলে বিবেচিত হতে পারে। আবার প্রাদুর্ভাবগুলো সম্পূর্ণ আলাদা হলে সেই ধারাবাহিকতা প্রমাণ করা কঠিন হবে।

বিশেষজ্ঞরা আরও যাচাই করতে পারেন, বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া হাম ভাইরাসের ধরন জিনগতভাবে একই কি না। বেইলর কলেজ অব মেডিসিনের পিটার হোটেজ বলেন, হাম আবার ফিরে এসেছে। তাঁর মতে, বিভিন্ন প্রাদুর্ভাবকে একসূত্রে যুক্ত করা যাবে কি না, তার চেয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়টিই বেশি গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *