সংবাদ

যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচলে স্থগিতাদেশ, যোগাযোগ-বিভ্রাটে অচল আকাশপথ

শেয়ার করুন:

এফএএর জরুরি ‘গ্রাউন্ড স্টপ’ ঘোষণা, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে নজিরবিহীন বিঘ্ন সৃষ্টি হয়েছে। দেশটির আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থায় যোগাযোগ-বিভ্রাটের কারণে শুক্রবার বিকেলে সব বিমানবন্দরে উড্ডয়নের ওপর জরুরি স্থগিতাদেশ (গ্রাউন্ড স্টপ) জারি করে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় বিকেল ৩টা ৫৪ মিনিটে জারি করা এ নির্দেশের ফলে দেশজুড়ে ফ্লাইট চলাচল কার্যত থমকে যায়। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় পৃথক সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়।

এফএএর এক মুখপাত্রের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানায়, দেশজুড়ে এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোতে যোগাযোগ-সমস্যা দেখা দিয়েছে। পরিবহনমন্ত্রী শন ডাফিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করে জানান, সব এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টার এ সমস্যার প্রভাবের মুখে পড়েছে। এফএএর প্রযুক্তিবিদেরা পরিস্থিতি পর্যালোচনা করছেন।

প্রাথমিক বিভিন্ন প্রতিবেদনে রেডিও ফ্রিকোয়েন্সি ও যোগাযোগব্যবস্থায় ত্রুটির কথা উঠে এসেছে। তবে বিভ্রাটের প্রকৃত কারণ এবং কতক্ষণ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। এ ঘটনায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের হাজারো যাত্রী অনিশ্চয়তায় পড়েছেন।

যুক্তরাষ্ট্রে জাতীয় পর্যায়ে এমন বড় ধরনের ফ্লাইট স্থগিতাদেশ সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে। সে সময় পাইলটদের নিরাপত্তাসংক্রান্ত সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা অচল হয়ে পড়েছিল।

এদিকে নিউইয়র্ক, নিউজার্সি ও ফিলাডেলফিয়াসহ বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা ও অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে যাত্রার অপেক্ষায় থাকা প্রবাসী বাংলাদেশিরা পড়েছেন অনিশ্চয়তায়।

যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের ওয়েবসাইট বা অ্যাপে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *