এই সব দূরে পড়ে রবে
নাগরিক ইঁদুরের কাছে প্রাকৃত শস্যের মাঠ
ধূসর ভূগোল হয়ে কথা ভাসে ভাঙা আয়নায়
পাথরের কাছে অবিরাম মানুষের আর্জিগুলো
মাথার ভেতরে যেন মিছিলের মতো হেঁটে যায়।
অবিরত করাতের নৃত্যে বুক চিরে যায় কাল।
চেয়ে দেখি দ্রষ্টাবৃক্ষ তারে–নির্বিকার প্রলয়ের
তাল–মহাদেব গৌরীকাঁধে! আহা! অবোধ মাতাল
শব্দচিত্রকর–লিখি ছবিরোদ যৌগিক ক্ষয়ের।
ভালোবাসা সংশয়ী সিংহের–উদাসী কেশর আর
হৃদয়ের ভুল অনুবাদ, অপলাপ, কোলাহল
পেরিয়ে কোথাও একদিন চলে যাব একা একা;
এই সব দূরে পড়ে রবে–ভ্রান্ত নদীদের জল।
মহানন্দ সাগরের ঢেউ–তার সুনীল আকাশে
স্মৃতি-বিস্মৃতির পরম্পরা-সুর-পাখির সকাশে।
অনার্য বিষাদের নীলকণ্ঠী চিঠি
সোনালি পালক পড়ে আছে পথে কার?
জানালার পাশ দিয়ে হেঁটে যাওয়া
উদাসীন শ্যামাঙ্গ বাউলের
গৈরিক বসনের ভাঁজে
কারও কারও স্মৃতি
বিড়ালের নরম লোমের মতো
উষ্ণতা নিয়ে থাকে মিশে
স্মৃতি-বিস্মৃতির যূথপ্রেমী মাঠে।
বাংলাপাড়া শিবের থান থেকে
গৌরির বাড়ি কে যায় অনার্য বিষাদের
নীলকণ্ঠী চিঠি নিয়ে;
কে যায় দুচুয়ানির ফোঁটা ফোঁটা
নির্যাসের মতো করে ধীর পায়ে?
নুপুরের শব্দ শুনে ফিরে দেখি
কেউ নেই
বিভ্রম পাড়ি দিয়ে কতদূর হাঁটি
ফিরে দেখি মেঘ ওড়ে
–সাদা মেঘ–দূতের মতো
দূরের–বহু দূরের–পার্বতী-সকাশ।
অথচ কে যেন হাঁটে ভেতরেই একা ধীর পায়–
বাজে তার নুপুরের ধ্বনি নৃত্যরসে ধ্যানী দোতারায় !
তোমার অনন্তবঙ্কিমের কোলে
লাবণ্য মেলেছে ডানা!
ফুল—অবিনশ্বর প্রতিমা
অযুত রহস্যের বেণি মাথায়
থোকা থোকা জোনাক
যেন ঝুলে আছ তুমি সন্ধ্যারাগে
যেন—তারাপুঞ্জ, কণ্ঠহার, বাজুবন্ধ, নূপুর
প্রভৃতির টানটান ধনুকবঙ্কটান
মিশে আছে তোমার অনন্তবঙ্কিমের কোলে।
অতিলৌকিক ঘুম আর তার
ঘ্রাণের বিস্তীর্ণ বাতান পেতে
এই রাত কেন যেন একা একা
হেঁটে যায় নির্ভার, আদিবৃক্ষতলের,
সন্তের মতো— তুমি এলে!
কেবল সকালের আলো ভাসে
চোখে—লাবণ্য মেলেছে ডানা!
মুগ্ধতা—অবিনশ্বর প্রতিমা

জয়দেব কর। কবি, গদ্যকার ও অনুবাদক। রয়েছে প্রকাশিত বই, কবিতার ও অনুবাদের। জন্ম সিলেটে। থাকেন চট্টগ্রামে


