কবিতা সাহিত্য

সাতটি কবিতা || কাউসারী মালেক রোজী

শেয়ার করুন:

সময়ের বাতাবরণ

জন্ম নেবার পর যে চিৎকার করেছিলাম
কেউ বোঝেনি—তোমার জন্যই, মনে হয়।
না হলে প্রথম প্রেম, পতাকা হাতে
সারাজীবন দেশে এভাবে
তোপধ্বনির গান বাজাত না,
পা ঠুকে দিত না সালাম।

আমার প্রথম প্রেম—কী নিদারুণ অপচয়!
জানার আগেই প্রথম যৌবনের নিশানায়
চলে যেতে হলো দূরে, শেকড় উপড়ে ফেলে।
চোখ দুটি আধবোজা রয়ে গেল
গভীর সমুদ্রের মতো—
যেখানে রাতের সপ্তর্ষির ঐশী আলো,
ঋতুপর্ণার দোলা, খোলা নদীর প্রেমবাতাস
বুকের ঘরে বিছিয়ে দেয় অনুরণন।

কতবার যাওয়া-আসা, ছুঁয়ে না-ছুঁয়ে
স্বাগত জানানো, তারপর বেহুঁশ বিদায়।
প্রতি বিদায়ের সৌরভে মেলবন্ধনের স্বপ্নগন্ধ,
তবু মনে ভয়—অনিবার্য তীব্র আঁচড়,
এই দেখা শেষ দেখা নয় তো?

 

উড়ালবিদ্যার যাত্রাপালা

আঁধার, শব্দহীন সময়ের চরণে এসে
আজকাল থমকে যাই—
আমি কি পালিয়ে গেছি, কিংবা উড়ালপাখি?

চিকামারা দেয়ালে ঝকঝকে তকতকে লেখা—
সুবোধের কাছে, ‘পালিয়ে যা’—কে লেখে রোজ?
দুর্দান্ত মরণফাঁদ, কেউ বলে না
পালাব কোথায়।

মিনু পাগলী খুব শুকনো মুখের শিশুটারে
কাঁধে ঘুম পাড়িয়ে দরজার পাটাতনে দাঁড়িয়েছিল—
‘দুডা চাল দে, নইলে পাবি না কিছুই,
না এপার, না ওপারে—জাহান্নামে যাবি।’

তাহলে কি পৃথিবী
অভিশাপ-কাদার সুনামির তোড়ে ভেসে গেছে?
চকচকে জুতোর নিচে মুচমুচে সুরকি ভাঙে,
কেউ দেখে না—শকুনের চোখ শহরের আকাশে।
নতুন চরণে এসে কবিতার ঘ্রাণ পাওয়া যায় না।

রোদের তরল আগুন শরীরে, শৈশব
দুরন্ত নষ্ট রাজনীতির বেড়াজালে।
ডান্ডাবেড়ির ঝমঝম হুংকার,
অহংকারী জীবনকাহন—
বিদ্যা বিক্রি করে চলমান মুদ্রার
রোয়াক-চাতালে।

 

তারপর তুমি পানির সিঞ্জিনী

সুরের বাজনায় চারপাশ মউমউ,
লতাপাতায় বর্ষার ঝগড়া—
গান-কবিতায় বেঁধে দেওয়া
নীহারিকা-কণার বিশাল মেঘমালা।
ভিড় কাটিয়ে সাগর বাড়ি ছেড়ে
চুল ভিজিয়ে কাঁদে।

স্বচ্ছ চুড়ির নিক্কণ বোহেমিয়ান,
একটা মাত্র ঋতু ঝাঁপিয়ে বুঁদ—
জীবনগন্ধে চেনা মাটির গান,
সব ঋণে বৃষ্টি পূর্ণতা পায়।

রক্তবীজ ফেটে চৌচির চারা,
মেঘছায়া দিন, পানির পাথর-শরীর।
বৃষ্টি বৃষ্টি—শূন্যতার দীর্ঘশ্বাস,
ঠাসাঠাসি টিনের চালে শিৎকার-শিহরণ।

ছড়ানো পায়ে হাঁস-ছানাপোনা ঘিরে হাঁটে,
ছাঁটের ছায়ায় ঘোড়ার দুলকি চাল—
কখনো ধীরে, কখনো নিমেষে ছোটে
শাল, সেগুন, গামারি, অশ্বত্থ পেরিয়ে।

দিগন্তের খোলা মাঠে রোদের সোনালি উঁকি
পুনর্জন্ম দেয় আকাঙ্ক্ষার—
পানির সিঞ্জিনী।
আমি কেবল জানালায় দাঁড়িয়ে থাকি।

 

অচেনা ফোঁটায় বর্ষার প্রতিচ্ছায়া

অচেনা ঝাপসা মুখচ্ছায়া
চিনতে কষ্ট হয়।
ভালোবাসা থমথমে, থমকে থাকে—
কাউকে বলিনি ভালোবাসি,
কেউ ভালোবাসেনি;
তখনই বৃষ্টি স্বাক্ষর রাখে কাদায়।

ঝাঁপিয়ে, জড়িয়ে, বুঁদ হয়ে
বৃষ্টি নামে ঘরে,
বাইরে প্রান্তরে—
চরাচরে, অরণ্যে, ক্যানভাসে।
বিড়ালের মতো বৃষ্টি নামে
ফুটন্ত সাদা ভাতের ফেনায়।
ফোঁটায় ফোঁটায় তালের মূর্ছনা—
ভেসে যায় বসবাস, তৈজসপত্র, চিন্তা।

চেনা দায় তোলপাড় বর্ষায়—
পৃথিবী, সমাজ আর সমাজের মানুষ।
যেমন খুশি তেমন সাজো,
মুখোশ খুলে
আষাঢ় মাস দাঁড়ায়।

বৃষ্টির ফাঁকে লুকিয়ে থাকব না,
খুঁজব না ঘর, দাঁড়াব না ছাতার তলায়।
কুপিত বেগে টিনের চালে
ঢেউ উপচে পড়ে,
ভেসে যায় সারিবাঁধা পিঁপড়ার দল।

আগলভাঙা, আঁচড়-কাটা পাথর শরীরে
ভরাট বর্ষায় নেশা ডাকে—
অচেনা মুখচ্ছায়া।

 

শূন্য সময়

ফিরতি পথে রওনা দিলাম বিমানের পাখায়,
পাখির পাখায় পার হলাম তোমার শহর।
বিস্তৃত ঝিকমিক হ্রদ রোদ্দুরে জ্বলছিল,
তারপর বায়ুর শহর— যেখানে সার সার গাছের গুঁড়ি,
ডালপালা ভেদ করে
ছলকে ওঠে উতাল বাতাস।

শহরের উপর আর পায়ের নিচে
বরফের ভাসা মেঘ—মেয়েদের দল,
দলবেঁধে উড়ে আলোর সাথে।
দূরে সাদা মেঘ
দেয়াল তুলে দাঁড়িয়ে।

বিমান উড়ছে, সাথে আমি—
পাখাহীন উড়ছিলাম তোমার থেকে দূরে,
তিনটি পথের সন্ধিক্ষণে।
এক গন্তব্য হারিয়ে,
দ্বিতীয়—পিছনের সময় মুছে,
শেষ পথ—ফিরে আসা বুকের ভেতর।

আমি ফিরতি পথে বিমানে,
এখানে ছাইমেঘ, বৃষ্টির ছাঁট—
আমার শরীর ছুটছে
দূর দক্ষিণে।

 

ঘাটে নিবাস

অনেক দিন এই ঘাটে নিবাস,
মাটির সঙ্গে ঘর।
লেপা দেয়াল, মাছের আঁশে
সুতোয় ফোটা নকশিকাঁথায় দোল।
চমকপাতা কথা—ভুলো না মোরে,
ভুলো না, ভুলো না।

টিনের চালে বৃষ্টি ঝেঁপে বাজনা তোলে,
ছমছমাছম নাচ।

মোরগঝুঁটি সাতসকালে জলদ স্বরে
কন্যার নাম ডাকে—কুক্কুরুকু নাম।

কাটা টিনের ঝালর-ঘেরা মাটির দাওয়ায়
তালপাখাটি ঘুমায়।

লেবুগন্ধ শাড়ির আঁচল ওড়ে,
সন্ধ্যা-আকাশ ডানায় দেয় ভর।
আমার মনে লাল সুরকিপথ
থেমে গেল ঘাটের সিঁড়ির শ্যাওলায়—
আছড়ে-পড়া বাঁশের খুঁটির ঘর।


কাউসারী মালেক রোজী। কবি ও লেখক। পেশায় চিকিৎসক। কাজের সুবাদে বাংলাদেশ, জাম্বিয়া, সৌদি আরব ও আমেরিকায় বাস করেছেন। রোববার, ইত্তেফাক, বেগম পত্রিকা  প্রভৃতিতে নিয়মিত লিখেছেন ছেলেবেলায়। রেডিওতে নিয়মিত কথকতার আসর পরিচালনা করেছেন। প্রকাশিত হয়েছে এ-পর্যন্ত তিনটি বই :মাঝনদীতে বাড়ি  ও কাচের এপার ওপার, এই দুইটা ঢাকা থেকে এবং ভিক্ষুকের মুখ  প্রকাশিত হয়েছে কলকাতা থেকে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *