হরমুজ প্রণালিতে ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাতের দুটি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক কর্তৃপক্ষ। শনিবার ওমানের কাছে ঘটনাগুলো ঘটে। একই সময়ে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের ওপর ইরান নিয়ন্ত্রণ আরও জোরদার করছে।
বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, একটি ট্যাংকারের পেছনের অংশে আঘাত লাগে। ঘটনাটি ওমানের উত্তর উপকূলের বন্দরনগরী খাসাব থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে ঘটে। আরেকটি ট্যাংকারের ইঞ্জিনরুমে আঘাত লাগে খাসাবের প্রায় ৩১ কিলোমিটার পূর্বে।
ঘটনাগুলোতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুটি ঘটনা আলাদা দুটি জাহাজে ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
এদিকে ইরানের নৌবাহিনী জানিয়েছে, প্রণালির পূর্বদিকে একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত করার পর আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে নৌবাহিনী অভিযোগ করে, জাহাজটি সতর্কবার্তা উপেক্ষা করেছিল এবং এর পরিচয় শনাক্তকরণ ও নৌ-চলাচলসংক্রান্ত সরঞ্জাম বন্ধ ছিল।
ইরানের এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আগুন লাগা ট্যাংকারটি ইউকেএমটিওর জানানো দুটি ঘটনার কোনো একটির সঙ্গে জড়িত কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতির বরাত দিয়ে তেহরানভিত্তিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের শনিবার থেকে ট্যাংকার-সংশ্লিষ্ট প্রায় ২৫টি ঘটনা নথিভুক্ত হয়েছে। অর্থাৎ দিনে গড়ে প্রায় তিনটি ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এক সপ্তাহে এ ধরনের ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও জানানো হয়েছে।
ইরান বলছে, হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় করে নির্ধারিত পথ ও নৌচ্যানেল অনুসরণ করতে হবে। জাহাজগুলো তা না মানলে হামলার শিকার হতে পারে অথবা ইরানি বাহিনীর পাতা নৌমাইনে আঘাত করতে পারে—এমন সতর্কতাও দেওয়া হয়েছে।
হরমুজ প্রণালি উপসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক নৌপথের সঙ্গে যুক্ত করা একটি সরু জলপথ। সংঘাত শুরুর আগে বিশ্বের অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হতো। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর তেহরান, ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে যুদ্ধ শুরু হয়।
এই সংঘাতের মধ্যে ইরান প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করার উদ্যোগ নেয়। ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হলে অন্য দেশগুলোর তেল রপ্তানিও ঝুঁকির মুখে পড়তে পারে—এমন বার্তা দিতেই তেহরান উত্তেজনা বাড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ইরান প্রণালিটির ওপর নিজের নিয়ন্ত্রণ দেখাতেও চাইছে।
ইরানের বিধিনিষেধের জবাবে যুক্তরাষ্ট্র দেশটির বন্দরগুলো অবরোধ করেছে এবং ট্যাংকারগুলোকে জলপথ পারাপারে সহায়তা দিতে নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রণালিতে প্রবেশাধিকার নিয়ে এই সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।


