সদস্যপদ ও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আইনি বিরোধ, পরবর্তী শুনানি ৫ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের বহুল আলোচিত নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোটগ্রহণের মাত্র দুই দিন আগে, ২৩ অক্টোবর কুইন্স কাউন্টি সুপ্রিম কোর্ট এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানি আগামী ৫ নভেম্বর সকাল ১০টায় নির্ধারণ করা হয়েছে।
আদালতের আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন আয়োজন, ভোটগ্রহণ, ব্যালট গণনা ও ফলাফল প্রত্যয়নের কার্যক্রম বন্ধ থাকবে। ফলে দীর্ঘদিনের প্রচার-প্রচারণা ও প্রস্তুতির পর শেষ মুহূর্তে নির্বাচন স্থগিত হওয়ায় প্রার্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সদস্যপদ নিয়ে বিরোধ থেকে মামলা
আদালতে করা আবেদনের সূত্রে জানা গেছে, সোসাইটির সাবেক কর্মকর্তা ওসমান এ. চৌধুরীর সদস্যপদের আবেদন প্রত্যাখ্যান এবং আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারাকে কেন্দ্র করে এ আইনি বিরোধের সৃষ্টি হয়।
আবেদনকারীর অভিযোগ, ২০২৬ সালের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার উদ্দেশ্যে তিনি সাধারণ সদস্যপদের আবেদন ও নির্ধারিত ফি জমা দিয়েছিলেন। কিন্তু সোসাইটির কার্যকরী কমিটি গত ২৮ আগস্ট তাঁর আবেদন প্রত্যাখ্যান করে। এ সিদ্ধান্তের মাধ্যমে তাঁকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে বলে তিনি আদালতের কাছে দাবি করেন।
ওসমান এ. চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৩ অক্টোবর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে তাঁর সদস্যপদের আবেদন প্রত্যাখ্যানসংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করার ওপরও সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আদালত সংশ্লিষ্ট সদস্যপদ, ভোটার তালিকা ও নির্বাচনী নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
তবে আবেদনকারীর অভিযোগের সত্যতা কিংবা সদস্যপদ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত আইনসম্মত কি না, সে বিষয়ে আদালত এখনো চূড়ান্ত রায় দেননি। বর্তমান আদেশটি অন্তর্বর্তীকালীন; মামলার পরবর্তী শুনানিতে এসব বিষয়ে আরও শুনানি হওয়ার কথা রয়েছে।

আগের নির্বাচন নিয়েও ছিল আইনি জটিলতা
বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অতীতেও আদালতে মামলা হয়েছে। আবেদনকারীর বক্তব্য অনুযায়ী, ২০১৮ সালের নির্বাচন ঘিরে ভোটার তালিকা, সদস্য অন্তর্ভুক্তি ও মনোনয়ন ফি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। সে সময়ও আইনি বিরোধের কারণে নির্বাচনপ্রক্রিয়া জটিলতায় পড়ে।
বর্তমান মামলায়ও ওসমান এ. চৌধুরী আগের নির্বাচনসংক্রান্ত অভিযোগ ও নিজের সদস্যপদ নিয়ে বিরোধের প্রসঙ্গ তুলে ধরেছেন। তবে অতীতের অনিয়মসংক্রান্ত দাবিগুলোও তাঁর আবেদনে উত্থাপিত অভিযোগ; সেগুলোকে বর্তমান আদালতের আদেশে প্রমাণিত তথ্য হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
আদালতের পরবর্তী শুনানিতে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা বহাল থাকবে কি না এবং নির্বাচন আয়োজনের বিষয়ে কী সিদ্ধান্ত আসে, এখন সেদিকেই তাকিয়ে আছেন সংগঠনটির সদস্য ও সংশ্লিষ্টরা। আদালতের পরবর্তী নির্দেশনা এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বহুল আলোচিত এ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে।



