ঢাকা/ভার্জিনিয়া প্রতিনিধি : বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত নটরডেম কলেজ, ঢাকার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ নটরডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকা (BNDANA) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন। আগামী ৩১ অক্টোবর ২০২৬ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আরলিংটন শহরে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনকে সফল করতে সম্প্রতি উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই সম্মেলন কমিটির একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনের সার্বিক প্রস্তুতি, নিবন্ধন কার্যক্রম, অতিথি আপ্যায়ন, আবাসন এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রাক্তন নটরডেমিয়ানদের অংশগ্রহণে এবারের সম্মেলন এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন পর সহপাঠী, বন্ধু ও শিক্ষকদের স্মৃতিচারণে অংশ নিতে প্রাক্তন নটরডেমিয়ানরা পরিবার-পরিজনসহ সম্মেলনে যোগদানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
যেসব প্রাক্তন শিক্ষার্থী এখনো নিবন্ধন সম্পন্ন করেননি, তাদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। বিশ্বের যেকোনো দেশ থেকে আগ্রহীরা Bangladesh Notre Dame Alumni North America (BNDANA)-এর ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন এবং হোটেল বুকিং করতে পারবেন। প্রয়োজনে যোগাযোগ করা যাবে (২৬৭) ২৫৫-৫৬০৫ অথবা (৪১০) ৪৪০-৭০৪৬ নম্বরে।
এছাড়া বাংলাদেশ থেকে সম্মেলনে অংশগ্রহণ, স্পন্সরশিপ অথবা পণ্য প্রদর্শনীর স্টল বরাদ্দে আগ্রহীদের বাংলাদেশ টিমের সমন্বয়কারী স্থপতি মোহাম্মদ আল আমিন-এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে তার মোবাইল নম্বর ০১৭১১-৫৩০২৯৮।
আয়োজকরা জানান, সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ টিমের সমন্বয়কারী স্থপতি মোহাম্মদ আল আমিন সম্প্রতি নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়াস রোজারিও, CSC-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সম্মেলনের সার্বিক পরিকল্পনা ও প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
আয়োজকদের প্রত্যাশা, এই আন্তর্জাতিক সম্মেলন শুধু প্রাক্তন নটরডেমিয়ানদের পুনর্মিলনীই নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নটরডেম পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করার একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা



