সমাজ

চিরনিদ্রায় শায়িত ড. শেখ সাজ্জাদ হোসেন

শেয়ার করুন:

গত ২৮ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় আমাদের কমিউনিটির অতি পরিচিত ও প্রিয় মুখ ড. শেখ সাজ্জাদ হোসেন (সজল) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যু এক অনিবার্য সত্য। প্রত্যেক প্রাণীকেই একদিন মহান রবের ডাকে সাড়া দিতে হয়। তাঁর এই অকাল প্রস্থান আমাদের হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে এবং জীবনের ক্ষণস্থায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছে।

ড. সাজ্জাদ হোসেন ছিলেন উচ্চশিক্ষিত, মানবিক ও বিনয়ী একজন মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে পিএইচডি ও পোস্টডক ডিগ্রি অর্জনের মাধ্যমে কর্মজীবনে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তাঁর সদাচরণ, আন্তরিকতা ও মানুষের প্রতি গভীর ভালোবাসা তাঁকে সবার কাছে প্রিয় করে তুলেছিল।

শুক্রবার বাদ জুম্মা, আপার ডারবির মসজিদ আল-মদিনায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন। বৃহত্তর ফিলাডেলফিয়া সহ পেনসিলভেনিয়া, নিউ জার্সি, ডেলাওয়ার এবং নিউইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অসংখ্য মুসল্লি উপস্থিত হয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এই হাজিরার দৃশ্যই প্রমাণ করে, তিনি মানুষের হৃদয়ে কতটা গভীর স্থান করে নিয়েছিলেন। জানাজার পর মসজিদের পাশের কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

তাঁর ইন্তেকালে পুরো কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাঁর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। মহান আল্লাহ তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।


আশরাফুল ইসলাম আরিফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *