সাহিত্য

অন্য শতাব্দীতে ও অন্যান্য কবিতা || শাখা সরদার

শেয়ার করুন:

চক্রমৃত্যু মাধবী

মানুষ মরে গেলে রঙও মরে যায়।
ব্যাকহুইল থেকে বসে বসে দেখা
তার পিঠ, কেশদাম, সাদা ওড়নারা মরে যায়।
আরবি বোরকার নিচে গড়াতে থাকা
স্রোতস্বিনী ঘাম, শিশুতোষ সন্ধ্যা,
জৈবিক যন্ত্র, তন্ত্র, মন্ত্র মরে যায়৷
বিভ্রমকালীন অন্তঃসত্ত্বা মেঘ, দূর কুয়াশায়
বালিকা সূর্যের রজঃস্বলা আলো মরে যায়।
মৈথুন মরে যায়, বাঁশপাতার কান্না মরে যায়।
মানুষ মরে গেলে স্বাদ মরে যায়,
প্রিয়তমার দুধবরন গাল মরে যায়।
উত্তেজনা মরে যায়, ফলতঃ
পরপ্রজন্মের ছায়ানিদ্রায় পুনর্জন্মও মরে যায়।

 

নৈরাশ্যের মোহন বাঁশি

যেনবা কিছুই যায় আসে না আমার
যেন নিভৃত নিরাপত্তা পেয়ে বসেছে আজ
আমাকে ডুবুরি খোঁজে আর আমি নির্দ্বিধায়
ভেসে যেতে দেই যাবতীয় ঐশ্বরিক কাঠপ্রস্থ।
আখের ছোবার রস কার পেটে গেল তাতে
কার কি আসে যায় কিংবা কোন সে ছাতার
নল ভাঙল তাতে কার কি আসে যায় বলো?
আমাকে মাড়াই করে কল আর আমি নির্দ্বিধায়
রস রেখে সন্ন্যাসের ছোবা হয়ে বের হয়ে যাই।
স্নেহকণ্ঠে লেবু ঝরে কত এ গ্রীষ্মগরিমার দেহে
পাজলকার্ড মানচিত্রে তরমুজ রক্ত ধরে কার?
নৌকায় নৌকায় নড়ে কানের দুল দূর রমণীর
আর্দ্র ঠোঁট পেরিয়ে সুরে ভিজে ওঠা ক্যাফেসন্ধ্যায়
নাভির শুষ্কতায় শুকালে তাতে কার কি আসে
যায় বলো? আমি যে নিরাই করে ধান, দাবদাহে
অযান্ত্রিক খরায় মৃত্তিকার ধূসরে মিশে যাই৷

 

নামশব্দ

নিদ্রার উপকূলে একঝাঁক উজ্জ্বল সন্ন্যাসী মাছ
রৌদ্রের পুষ্টি শুষে নিরুদ্বেগ স্বপ্ন দেখে শুয়ে,
বালির অনুতে লুকোনো আপাত স্বর্ণরা ঝলকায়
আরো গোপন গরিমার খনিজের সন্ধান দিতে।
সমুদ্রের নীল হতে রাতের বার্তা আনা চঞ্চলা বায়ু
যে-কারো নাম রেখে দিতে পারো,
নিদ্রিতা, রাত্রি, পরমা কিংবা মুসাম্মাহ।
গল্পের ফুল থেকে ফ্রাগরেন্স কমে এলে
তাদের বলো, তারা যেন এই নামগুলো জপে।

 

অন্য শতাব্দীতে

যেন অন্য পৃথিবীর মানুষ আমি, ভুল করে
এই পৃথিবীতে জন্মেছি পরমের ভুল খেয়ালে।
নতুবা গভীর কোনো চক্রান্তের সাদা গুটি হয়ে
অচেনা এক ছিন্ন মস্তকের ভার বওয়া বৃক্ষ
তার ডাল, আমি বিদ্রুপাত্মক জিভের দৈর্ঘ্যে
উপত্যকায় নেমে আসে কালো জাদুর সন্ধ্যা।
প্রাচীন রক্তগন্ধ জবায় অশ্বত্থামার শেষ পূজা,
বেহাত বুদ্ধের বটের শেকড়ে রুহের অন্ধকার
আমি, ভাদ্রের বীর্যমেঘে গাঁথা বৈকালিক হতাশা
নিদ্রার তীর ঘেঁষে হাঁটা বিধবার প্রেমের গান।


শাখা সরদার। কবি। সিলেটে থাকেন। স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *