যদি মৃত্যু হয়…এ শহরে,
তবে জানবে আরো দশ বছর আয়ু ছিল তোমার।
যে গাছ কেটে তুমি নগর করেছিলে
একবারও ভাবোনি তার আয়ুষ্কাল
আকাশের দিকে তাকাও
কাকের শহরে একটাও পাখি নেই
অভিশাপ দিয়ে চলে গেছে সব
বহতা নদীর জীবন হত্যা করা যায়
ফিরে আসে না বারবার…
ফিরে আসে না আর!
এ শহরে বৃষ্টি ছিল
এ শহরে শীত ছিল
এ শহরে সৃষ্টি ছিল
নবমী চাঁদের আলো ছিল
অনেক অনেক হৃদয় ছিল, স্বার্থহীন যুগল ছিল।
অথচ তোমার দৃষ্টি ছিল
ইট-বালু-পাথরে
কিছুই অবশিষ্ট রাখোনি…
তোমার জীবন এখন আস্ত কংক্রিট
তোমার প্রতিটি অনু-পরমাণুর
পরতে-পরতে গোঁজামিল
এখানে আয়ু ছিল, বিশুদ্ধ বায়ু ছিল।
এখন কিছুই অবশিষ্ট নেই…
তবে জানবে এ শহরে আরো আয়ু ছিল, তোমার।

মাহমুদুল হক আরিফ । কবি



