সাহিত্য

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ : আহ্বায়ক ড. নজরুল ইসলাম

শেয়ার করুন:

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসর বসতে চলেছে এই বছর মে মাসে। এরই মধ্যে এই মেলা বাংলা ভাষাভাষী বৃহত্তর যুক্তরাষ্ট্রে অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে কেবলই বই বিকিকিনির বাইরে এক আলাদা তাৎপর্যের সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।

এবারকার, অর্থাৎ ২০২৬ সালের, মেলার আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। চলতি বছরের গোড়ায়, জানুয়ারি তিন তারিখে, মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির ভার্চ্যুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে ২০১৯ সালেও ড. নজরুল ইসলাম সফলতার সঙ্গে মেলা-আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন। চলতি বছরের ২২ থেকে ২৫ মে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে চারদিনব্যাপী এবারের বইমেলা বাঙালির মন, মনন ও সৃজনের পসরা সাজিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আহ্বায়ক মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ড. নজরুল ইসলাম মুক্তধারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “২০২৬ সালের ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলাকে সুশৃঙ্খল, অন্তর্ভুক্তিমূলক ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে আমি সবার সহযোগিতা কামনা করছি।”

ড. নজরুল ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত এক ব্যক্তিত্ব। তিনি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন-ডেসা)-এ প্রধান উন্নয়নগবেষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। অর্থনীতি, রাজনীতি ও পরিবেশ বিষয়ক তাঁর বাংলা ও ইংরেজি ভাষায় একাধিক বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে অক্সফোর্ড প্রেস লিমিটেড ও ম্যাকমিলান থেকেও প্রকাশনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের বইমেলার আহ্বায়ক ছিলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ও বিশিষ্ট সাংবাদিক রোকেয়া হায়দার।

অভিজ্ঞতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি নিয়ে ড. নজরুল ইসলামের নেতৃত্বে এবারের বইমেলা নতুন মাত্রা পাবে বলে আশা ব্যক্ত করেছেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. জিয়াউদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্ট সকলেই।

ইতোমধ্যে প্রবাসী লেখক ও পাঠকদের মধ্যে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ঘিরে ব্যাপক উদ্দীপনা জাগরিত হয়েছে। এবার ক্ষণগণনার পালা। কাউন্ট ডাউন নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬!


আশরাফুল ইসলাম আরিফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *