বইমেলার অনুমোদন দিয়েও পুনরায় তা বাতিল করে দিলো সিলেট মেট্রোপলিটান পুলিশ এসএমপি।
সিলেট নগরীতে পেশাদার বইপ্রকাশকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সংযোগ ও সহযোগ গড়ে তোলার লক্ষ্যে ২০২৩ সালের শেষদিকে সিলেট প্রকাশক পরিষদ আত্মপ্রকাশ করেছিল।
প্রকাশক পরিষদ আয়োজিত বইমেলার প্রচারণা জোরেশোরে চালিয়েও অনুমোদন বাতিলের আকস্মিক সিদ্ধান্তে বড় রকমের ক্ষতির মুখে পড়ল সংগঠনটি। শিকার হতে হলো পরিষদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে ব্যাপক ভোগান্তির। ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার থেকে মেলা উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন করেও ঠিক আগের রাতে মেট্রোপলিটান পুলিশের বাতিলের নির্দেশে তামাদি হয়ে গেছে সবকিছু।

২৪ এপ্রিল শুক্রবার থেকে সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে সপ্তাহব্যাপী এই বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই মেলার অনুমোদন বাতিল করে দেয় পুলিশ। যদিও এরআগে পুলিশের পক্ষ থেকে মেলা আয়োজনের অনুমোদন দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের নগর বিশেষ শাখার উপ-কমিশনারের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বইমেলা আয়োজনের জন্য পূর্বের দেয়া অনুমোদন বাতিল করা হলো।
যদিও যথাবিহীত প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে এর আগে পুলিশের অনুমোদন পেয়ে মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছিল প্রকাশক পরিষদ। নগরীর চৌহাট্টা এলাকায় শহিদ মিনার প্রাঙ্গণে স্টল তৈরি সহ সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছিল। হঠাৎ করে আগের রাতে মেলার অনুমোদন বাতিল করায় ক্ষতির মুখে পড়ার কথা জানিয়েছেন প্রকাশকবৃন্দ। বইমেলার আয়োজকরা জানান, এই মেলায় ঢাকা ও সিলেটের ২০ টি প্রকাশনী প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছিল। এরই মধ্যে ঢাকার প্রকাশনী প্রতিষ্ঠানগুলো সিলেটে চলে এসেছে। মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।
বইমেলার আয়োজক সংগঠন প্রকাশক পরিষদের বরাতে জানা যায়, অন্তর্বর্তী সরকার আমলে ২০২৫ সালের ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি প্রকাশক পরিষদ সিলেট বইমেলা আয়োজন করেছিল। তখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টি তুলে ধরে মেলা বাতিল করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের পর জননির্বাচিত সরকার আমলেও একইভাবে বইমেলার মতো একটি সৃজনশীল আয়োজন বাধাগ্রস্ত হওয়ায় প্রকাশক পরিষদের মুখ্য ব্যক্তিরা উদ্বেগ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এবং স্থানীয় অনলাইন প্রকাশনাগুলোতে।

মেলার আয়োজন বাতিল করা প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম গণমাধ্যমের অবগতির জন্য এক বার্তায় জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মেলার অনুমোদন বাতিল করা হয়েছে। এ-ব্যাপারে উর্ধতন কর্মকর্তারাই সিদ্ধান্ত নিয়েছেন।
ডেস্কনিউজ



