নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি সহ ৪ জনের মৃত্যু হয়েছে। এই রিপোর্ট প্রকাশকালে বেঁচে-যাওয়া মা ও শিশু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানা যায়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ক্ল্যাভ্যারাক এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি সহ মোট চারজন নিহত হয়েছেন। একই ঘটনায় এক নারী ও তার এক বছরের শিশু গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সন্ধ্যায় কলম্বিয়া কাউন্টির NY 9H সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ-অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন নাজমুল রুবেল (২৯), তার বাবা মোহাম্মদ হেরামন (৬০) এবং বন্ধু ফাহিম হালিম (২৫)। অপর নিহত ব্যক্তির নাম জুলিয়া রিচি (৬২)।
গুরুতর আহত ফাতিমা আক্তার (৩৩) ও তার শিশুসন্তানকে আলবেনি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এছাড়া গাড়ির চালক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় শেরিফ দপ্তর।
নিহত বাংলাদেশিদের জানাজা ৮ এপ্রিল ২০২৬ বুধবার বাদ জোহর ব্রঙ্কসের বায়তুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। পরে মার্লবোরো মুসলিম মেমোরিয়াল কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
আশরাফুল ইসলাম আরিফ



