নিউইয়র্ক : ২ মিলিয়ন মানুষের ঢল! নিউইয়র্ক নিক্সের চ্যাম্পিয়নশিপ প্যারেডে ইতিহাস, ভোর ৬টাতেই ফিরিয়ে দেওয়া হয় হাজারো সমর্থক।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর বৃহস্পতিবার পরিণত হয়েছিল কমলা-নীল রঙের এক জনসমুদ্রে। নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD) জানিয়েছে, ২০২৬ সালের এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিক্সের বিজয় প্যারেডে প্রায় ২০ লাখ (২ মিলিয়ন) সমর্থক অংশ নেন, যা নিউইয়র্ক সিটির ইতিহাসের অন্যতম বৃহত্তম টিকার-টেপ প্যারেড হিসেবে বিবেচিত হচ্ছে।
নিক্সের দীর্ঘ ৫৩ বছরের শিরোপা-খরা কাটিয়ে এনবিএ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে হাজার হাজার সমর্থক মধ্যরাত থেকেই প্যারেড রুটে অবস্থান নেন। সকাল ৬টা বাজতেই দর্শনার্থীদের জন্য নির্ধারিত প্রবেশপথগুলো দ্রুত পূর্ণ হয়ে যায় এবং নিরাপত্তার স্বার্থে হাজারো সমর্থককে আর প্রবেশের সুযোগ দেওয়া সম্ভব হয়নি।

প্যারেডটি ঐতিহাসিক ক্যানিয়ন অব হিরোজ ধরে ব্যাটারি পার্ক থেকে সিটি হল পর্যন্ত অনুষ্ঠিত হয়। বিজয় উৎসবে অংশ নেন খেলোয়াড়, কোচিং স্টাফ, সাবেক তারকা, বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অসংখ্য উচ্ছ্বসিত সমর্থক। সিটি হলে নিউইয়র্কের মেয়র দলের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কি টু দ্য সিটি’ তুলে দেন।
বিপুল জনসমাগম সামাল দিতে এনওয়াইপিডি ইতিহাসের সর্বোচ্চ পরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। প্রায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং পুরো অনুষ্ঠান কঠোর নিরাপত্তার মধ্যে সম্পন্ন হয়।
নিউইয়র্ক নিক্সের এই ঐতিহাসিক শিরোপা উদযাপন শুধু একটি ক্রীড়া উৎসবই নয়, বরং নিউইয়র্কবাসীর আবেগ, অপেক্ষা এবং গৌরবের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা


