ঢাকার বাংলা দৈনিক সমকাল পত্রিকার কার্যালয়ে ২৬ এপ্রিল ২০২৬ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা বলেছেন, অপুষ্টি, সংক্রামক রোগ ও জলবায়ু পরিবর্তনের সম্মিলিত ঝুঁকি মোকাবিলায় পুষ্টিকে স্বাস্থ্য, উন্নয়ন ও জলবায়ু কৌশলের কেন্দ্রবিন্দুতে আনতে হবে।
‘স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ : ম্যালেরিয়া, যক্ষ্মা ও জলবায়ুজনিত রোগ প্রতিরোধে পুষ্টির ভূমিকা’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন), ম্যাক্স ফাউন্ডেশন ও সমকাল।
বৈঠকে বক্তারা বলেন, পুষ্টিকে ব্যয় নয়, বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে। অপুষ্টি মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল করে সংক্রামক রোগের ঝুঁকি বাড়ায় এবং অপুষ্টি একটি দুষ্টচক্র সৃষ্টি করে। এ পরিস্থিতি মোকাবিলায় সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ, দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার, গবেষণালব্ধ জ্ঞানের কার্যকর প্রয়োগ এবং টেকসই বিনিয়োগ নিশ্চিত করা জরুরি।
বৈঠকে আরও উল্লেখ করা হয়, নারীদের পুষ্টিঘাটতি, মাঠপর্যায়ে সেবার সীমাবদ্ধতা এবং সচেতনতার অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এসব সমস্যা মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা, দক্ষ জনবল গড়ে তোলা এবং শক্তিশালী মনিটরিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ বৈঠকে অংশগ্রহণকারী সংগঠন ও প্রতিনিধিরা হলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) থেকে ডা. মোহাম্মদ ইউনুস আলী ও ডা. রওশন জাহান আখতার আলো; ম্যাক্স ফাউন্ডেশন থেকে ডা. তারিকুল ইসলাম ও ডা. মিথুন গুপ্তা; দৈনিক সমকাল থেকে শাহেদ মুহাম্মদ আলী ও শেখ রোকন; বিশ্বব্যাংক থেকে সাবেক পরামর্শক ড. এএফএম ইকবাল কবীর; ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ড. আলী আব্বাস মোহাম্মদ খোরশেদ; হেলেন কেলার ইন্টারন্যাশনাল থেকে ডা. আফসানা হাবিব শিউলী; ইউনিসেফ বাংলাদেশ থেকে ডা. মো. আজিজ খান; বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম থেকে প্রতীক এজাজ; নিউট্রিশন ইন্টারন্যাশনাল থেকে ডা. একেএম মুসা; কেয়ার বাংলাদেশ থেকে মোহাম্মাদ হাফিজুল ইসলাম; ব্র্যাক থেকে সাইকা সিরাজ; আইসিডিডিআর-বি থেকে ড. মো. মুনীরুল ইসলাম; ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ড. সানথিয়া আইরিন; গেইন থেকে মো. আবুল বাসার চৌধুরী; কোওয়াটার থেকে বেলাল উদ্দীন; বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ থেকে ডা. রিজওয়ানুর রহমান প্রমুখ।
আশরাফুল ইসলাম আরিফ



