যদি পারতাম,
তাহলে তোমাদের ঘুমের মধ্যে সব স্বপ্নগুলোকে ছেঁকে
আজ রাতে আমি যে স্বপ্ন দেখে
মাত্র জেগে উঠলাম তা তোমাদের দেখাতাম।
যদি এটা সম্ভব হতো
তাহলে হয়তো তোমাদের এতক্ষণে জেনে যাওয়ার কথা—
তোমাদেরকে আমি নিয়ে গিয়েছিলাম
পাহাড়, নদী আর চা-বাগান বেষ্টিত এক গ্রামে।
তোমাদের একটা ঘর দেখিয়াছিলাম
যে ঘরে আমার জন্ম হয়েছিল।
যেখানে ছাদের ছোট ছোট ফুটো দিয়ে সূর্যের আলো এসে
সকালে মাদুর পেতে দিত।
তোমাদেরকে আরও দেখিয়েছিলাম
আমার বাড়ীর পাশের সরিষা ক্ষেত,
সেই ক্ষেতের হলুদ হলুদ ফুল
তোমাদেরকে আমি কাঁচা খাইয়েছিলাম।
ওখানেই, ক্ষেতের পাশে একটা রাস্তা ছিল
যেই রাস্তা দিয়ে তোমাদেরকে সোজা পাহাড়ে নিয়ে গিয়েছিলাম
পাহাড়ি সেই পথে তোমরা মাটির গন্ধ পেয়ে বলেছিলে—
“মাটির গন্ধেও যে মন মাতাল হয় তা তোমাদের আগে জানা ছিল না”
পাহাড় দুভাগ করে রাস্তাটা যেই আর একটু এগোল—
তোমরা দেখতে পেলে
সুন্দর পরিষ্কার জলে ভরা এক কুয়া
সেই কুয়ায় স্নান করার জন্য যেই আমরা সবাই লাফ দিলাম
ঠিক তখনই খাট থেকে মেঝেতে পড়ে
আমার ঘুমটা ভেঙে গেল!!!
ঘুম ভাঙার পরে মনে হলো—
৮০০০ মাইল সেকেন্ডে পাড়ি দেওয়া শুধু স্বপ্নেই সম্ভব।
ওটাই এখনো আমার স্বদেশ
কিন্তু বসবাসের দেশ আর নয়।
প্রতিবার স্বদেশ দেখার সময় কিনতে
এই দেশে আমার কয়েক বছর কেটে যায়।
তাই তোমাদের নিয়ে কয়েক সেকেন্ডে স্বদেশ দেখতে
আমার স্বপ্ন ছাড়া আর কোনো মাধ্যম নেই।

আশরাফুল আমিন
কবি



