বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে আবারও আনন্দে মুখরিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়ার ভ্যালি (BADV)-র উদ্যোগে ১৬ মে ২০২৬ (শনিবার) ল্যান্সডাউন, পেনসিলভানিয়ার পেন উড হাই স্কুলের খোলা মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত “বৈশাখী আনন্দ উৎসব ১৪৩৩”।
সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী এ উৎসবে থাকবে বাঙালির ঐতিহ্যবাহী নানা আয়োজন। পান্তা-ইলিশ, বাহারি পিঠা, দেশীয় খাবারের স্টল, শাড়ি-গহনা ও হস্তশিল্পের প্রদর্শনী মেলায় যোগ করবে বাঙালিয়ানার রঙিন আবহ। এছাড়াও বাংলা গান, সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পরিবারকেন্দ্রিক নানা বিনোদনমূলক আয়োজন উৎসবকে করে তুলবে আরও প্রাণবন্ত ও আনন্দঘন।

এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হবে BADV-র নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠক ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেবেন।
আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় তুলে ধরার পাশাপাশি কমিউনিটির মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
BADV-র পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সকলকে পরিবার-পরিজন সহ উপস্থিত থেকে এই প্রাণের উৎসবকে সফল ও আনন্দময় করে তোলার আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
আশরাফুল ইসলাম আরিফ



