স্পেনের মাদ্রিদ-সেভিয়া উচ্চগতির রেলপথে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে উর্দার কাছে কিলোমিটার মার্কার ১১৮ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কাস্তিয়া-লা মানচা অঞ্চলের কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় জড়িত ট্রেন দুটি ছিল রেনফে ও ইরিওর। উভয় ট্রেনই মাদ্রিদ থেকে সেভিয়ার দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর রেনফে ট্রেনটি সম্ভবত ইরিও ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে দুটি কোচ লাইনচ্যুত হয়ে বাঁধের নিচে পড়ে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ইরিও ট্রেনে ১৪৬ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে একটি শিশুও ছিল। রেনফে ট্রেনে ছিলেন ৩৯৭ জন যাত্রী। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং হাসপাতালে পাঠান। তবে কতজন আহত হয়েছেন, সে বিষয়ে প্রতিবেদনে নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
দুর্ঘটনাটি স্পেনে ২০১৩ সালের পর সবচেয়ে প্রাণঘাতী উচ্চগতির ট্রেন দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। ২০১৩ সালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় গালিসিয়ায় মাদ্রিদ থেকে ফেরলের দিকে যাওয়া একটি ট্রেন লাইনচ্যুত হলে ৮০ জন নিহত এবং ১৭০ জনের বেশি আহত হন।
চলতি বছরে একই উচ্চগতির রেলপথে এবং একই দুই রেল অপারেটরের ট্রেনকে ঘিরে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। জানুয়ারিতে কর্দোবা প্রদেশের আদামুজের কাছে ইরিও ও রেনফের দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হন। কর্মকর্তারা জানিয়েছিলেন, একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর অন্য ট্রেনটি লাইনচ্যুত বগিগুলোতে ধাক্কা দেয়।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, সংঘর্ষের সময় তিনি প্রচণ্ড শব্দ শুনেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, শব্দটি এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল ট্রেনটি লাইনচ্যুত হতে যাচ্ছে। জানালা দিয়ে তিনি ধ্বংস হয়ে যাওয়া আরেকটি ট্রেন দেখতে পান।
আনা নামের আরেক যাত্রী জানান, তিনি তার বোন ও কুকুরকে নিয়ে একটি ট্রেনে ভ্রমণ করছিলেন। দুর্ঘটনার মুহূর্তে তিনি শুধু মানুষের চিৎকার শুনতে পান। মুখ ও পায়ে আঘাত পাওয়া আনা বলেন, যাত্রীরা জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন এবং দমকলকর্মীরা তাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেন। পরে তাকে ও তার আহত বোনকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়।
ইরিও জানিয়েছে, মাদ্রিদ থেকে সেভিয়াগামী তাদের ৬০৭৬ নম্বর সার্ভিসটি উর্দার কাছে দুর্ঘটনায় পড়ে। প্রতিষ্ঠানটি সব জরুরি ব্যবস্থা সক্রিয় করেছে এবং কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। দুর্ঘটনার কারণে মাদ্রিদের পুয়ের্তা দে আতোচা স্টেশন থেকে দক্ষিণ করিডোরে চলাচলকারী ইরিওর সব ট্রেন বাতিল করা হয়েছে। পরিষেবা কবে নাগাদ চালু হবে, তা জানানো হয়নি।
স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া বলেন, সরকার দুর্ঘটনা মোকাবিলায় নিজেদের হাতে থাকা সব ধরনের সম্পদ কাজে লাগাচ্ছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করছে। তিনি ঘটনাস্থলে পাঠানো জরুরি সেবাকর্মীদের প্রতি সমর্থন ও কৃতজ্ঞতা জানান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রাথমিক তদন্ত চলছে।



