প্রবন্ধ সাহিত্য

একটি কবিতা পাঠের সূত্রে এক পশলা আলাপ || আশরাফুল ইসলাম আরিফ

শেয়ার করুন:

সমাজে যখন মানুষের ভিড় বাড়ে, অথচ মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা কমে; যখন প্রকৃতি, সংস্কৃতি ও মানবিকতার গভীরতা হারিয়ে যেতে থাকে, তখন প্রশ্ন জাগে—আমাদের এই ক্ষয়, অসংগতি ও বিবেকহীনতার বিরুদ্ধে নালিশ জানাব কার কাছে? লেখক ও চিকিৎসক জিয়াউদ্দিন আহমেদের ‘কার কাছে নালিশ আমাদের’ কবিতাটি এমনই এক গভীর সামাজিক ও মানবিক প্রশ্ন সামনে আনে।

কবিতাটিতে প্রকৃতির নিস্তব্ধতা, সংগীতের গভীরতা হারানো, উপাসনালয়ের আধ্যাত্মিক শূন্যতা এবং স্বপ্নহীন মানুষের ভিড়ের মধ্য দিয়ে সমকালীন পৃথিবীর এক বিষণ্ন প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তবে লেখক হতাশার মধ্যেই থেমে থাকেননি। তাঁর দৃষ্টি শেষ পর্যন্ত খুঁজে ফেরে আশার ক্ষীণ আলো—এখনো কেউ না কেউ মানবতার বিবেক জাগাতে শেষ পর্যন্ত যা রক্ষা করা সম্ভব, তা রক্ষার জন্য লড়াই করে যাচ্ছেন।

কবিতাটি লেখক উৎসর্গ করেছেন তাঁর কন্যা ড. নাহরিন আহমেদকে, যিনি চিকিৎসক হিসেবে হাসপাতাল থেকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পর্যন্ত মানুষের জীবন রক্ষার কাজে যুক্ত রয়েছেন। ফলে কবিতার প্রশ্ন ও কন্যার মানবিক কর্মযজ্ঞের মধ্যে তৈরি হয়েছে এক অর্থবহ যোগসূত্র—একজন কবিতায় বিবেক জাগানোর আহ্বান জানান, অন্যজন বাস্তবের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সেই মানবিক দায়িত্ব পালনের চেষ্টা করেন।

কবিতাটা আগে পড়ি, তারপরে বাকি কথা।

জঙ্গলে আর সজীবতা নেই
সংগীতে নেই গভীরতা।
উপাসনালয়ে কোনো ঈশ্বর নেই
নদীর গতিবেগ শুধুই মন্থর।

অযথা ভিড় কিন্তু মানুষ কই?
দৃষ্টি আছে কিন্তু স্বপ্ন নেই।
ছুটছে সবাই সমান্তরাল রেখা
কাছাকাছি পাশাপাশি
মিলবে না যেন কভু দেখা?

তবু দেখি মাঝে মাঝে
ক্ষীণ আশার আলো।

শহর, গ্রাম, যুদ্ধক্ষেত্রে
অথবা হতবাক মানবতায়
কেউ না কেউ লড়ছে এখনো
প্রাণপণে—

চেতনা জাগাতে শেষ রক্ষায়।

ডা. জিয়াউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বসবাসরত একজন বিশিষ্ট চিকিৎসক ও লেখক; এবং, অসামান্য পরিচয়, তিনি মুক্তিযোদ্ধা। তিনি টেম্পল ইউনিভার্সিটির লুইস কাটজ স্কুল অব মেডিসিনে মেডিসিন ও নেফ্রোলজির অধ্যাপক এবং ড্রেক্সেল ইউনিভার্সিটি কলেজ অব মেডিসিনের ইমেরিটাস অধ্যাপক। তাঁর চিকিৎসাশিক্ষা ও প্রশিক্ষণের সঙ্গে যুক্ত রয়েছে ঢাকা মেডিকেল কলেজ, মার্সি ক্যাথলিক মেডিকেল সেন্টার এবং মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া। ইহাছাডাও তিনি ফিলাডেলফিয়াপত্রিকার উপদেষ্টামণ্ডলীর প্রধান।

বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রায়-কৈশোরেই তিনি যুদ্ধে অংশ নেন। তাঁর বাবা, সিলেট মেডিকেল কলেজের অধ্যাপক শামসুদ্দিন আহমেদ, কর্মরত অবস্থায় পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন। ব্যক্তিগত জীবনের এই গভীর অভিজ্ঞতা, দেশের প্রতি দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ তাঁর জীবনদর্শনের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি সিলেটে কিডনি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি কিডনিরোগীদের একটি বড় অংশকে বিনা মূল্যে এবং অন্যদের স্বল্প খরচে ডায়ালাইসিস সেবা দিয়ে থাকে। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালির নেতৃত্ব দিয়েছেন এবং ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে তৃতীয় জাতীয় বাংলা কবিতা সম্মেলন আয়োজনের দায়িত্ব পালন করেন।

চিকিৎসা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি কবিতাচর্চাও তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। ‘কার কাছে নালিশ আমাদের’ কবিতায় তাঁর সেই মানবিক ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন দেখা যায়।

লেখকের সহধর্মিণী ড. ফাতেমা আহমেদ, যিনি ড. নাহরিন আহমেদের মা, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ, ফিলাডেলফিয়া পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। সিটি অফ ফিলাডেলফিয়া এবং ফিলাডেলফিয়াপত্রিকার উপদেষ্টামণ্ডলীর সদস্য।

ড. জিয়াউদ্দিন আহমেদের কন্যা ড. নাহরিন আহমেদ, পালমোনারি ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া। নাহরিন আহমেদ এমন একজন চিকিৎসক, যিনি ফুসফুসের রোগ ও সংকটাপন্ন রোগীদের নিবিড় চিকিৎসায় বিশেষজ্ঞ। তিনি ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার ক্লিনিক্যাল মেডিসিনের সহকারী অধ্যাপক এবং হাসপাতাল অব দ্য ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার চিকিৎসক।

দুই বাংলাদেশি চিকিৎসক বাবামায়ের সন্তান নাহরিন ফিলাডেলফিয়ায় বেড়ে ওঠেন। শৈশব থেকেই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা তাঁর রয়েছে। মানবিক চিকিৎসাসেবার অংশ হিসেবে তিনি মেডগ্লোবাল নামের একটি আন্তর্জাতিক মানবিক সংস্থার মেডিকেল ডিরেক্টর হিসেবে ইউক্রেন, সিরিয়া, ইয়েমেন, সুদান এবং তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পবিধ্বস্ত অঞ্চলে কাজ করেছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে তিনি পাঁচ দফায় গাজায় বিভিন্ন হাসপাতালের চিকিৎসাসেবায় অংশ নেন। এর মধ্যে নাসের হাসপাতালে কাটিয়েছেন টানা ১৬ দিন। গাজার সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় তিনি পেন মেডিসিনের ক্লিনিক্যাল কার্যক্রমের সহ-নেতৃত্বও দিচ্ছেন। তাঁর হাসপাতালভিত্তিক অভিজ্ঞতা ও মানবিক চিকিৎসাসেবার বিবরণ যুক্তরাষ্ট্রের সিক্সটি মিনিটস  ও এনপিআরের মতো গণমাধ্যমেও উঠে এসেছে।

এইবার কবিতার প্রসঙ্গে ফিরি।

যুদ্ধ, দুর্যোগ ও মানবিক বিপর্যয়ের মধ্যে চিকিৎসাসেবা দেওয়ার এই অভিজ্ঞতা কবিতাটির শেষাংশে উচ্চারিত আশার সঙ্গে এক বিশেষ তাৎপর্য তৈরি করে। লেখক যখন লেখেন, ‘কেউ না কেউ লড়ছে এখনো প্রাণপণে’, তখন সেই পঙক্তি মানবতার সেবায় নিয়োজিত মানুষের নিরলস প্রচেষ্টার কথাও মনে করিয়ে দেয়।

‘কার কাছে নালিশ আমাদের’ শুধু হতাশার কবিতা নয়; এটি আত্মসমালোচনা, বিবেকের জাগরণ এবং মানবিক দায়িত্ববোধের আহ্বান। এখানে লেখক প্রশ্ন তুলেছেন এমন এক পৃথিবীকে নিয়ে, যেখানে মানুষের উপস্থিতি থাকলেও মানবিক সংযোগ অনুপস্থিত, দৃষ্টি থাকলেও স্বপ্ন অনুপস্থিত, আর পাশাপাশি চললেও মানুষের সঙ্গে মানুষের প্রকৃত মিলন যেন অসম্ভব হয়ে উঠেছে।

কিন্তু কবিতার শেষ উচ্চারণে রয়েছে প্রত্যয়ের সুর। পৃথিবীর কোথাও না কোথাও মানুষ এখনো অন্যায়ের বিরুদ্ধে, বিপর্যয়ের মুখে এবং মানবিকতার শেষ আশ্রয়টুকু রক্ষার জন্য লড়ছে। সেই লড়াই কখনো প্রতিবাদে, কখনো সেবায়, কখনো জীবন বাঁচানোর নিরলস প্রচেষ্টায় প্রকাশ পায়।

একজন পিতা ও কবি তাঁর কন্যাকে উৎসর্গ করা কবিতায় যে-প্রশ্ন রেখে যান, তার উত্তর হয়তো কোনো একক প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে নেই। উত্তর নিহিত রয়েছে মানুষের সম্মিলিত বিবেক, দায়িত্ববোধ এবং অন্য মানুষের জন্য এগিয়ে আসার সাহসে।

অন্ধকার যত গভীরই হোক, আশার আলো নিভে যায়নি—ড. জিয়াউদ্দিন আহমেদের কবিতা শেষ পর্যন্ত সেই বিশ্বাসই পাঠকের কাছে পৌঁছে দেয়।


আশরাফুল ইসলাম আরিফ অন্যান্য রচনা

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *