-
- ১৭ বছরেই যুক্তরাষ্ট্র জাতীয় দলের সর্বকনিষ্ঠ গোলদাতা—ফিলাডেলফিয়ার এই তরুণকে ঘিরে বিশ্ব ফুটবলে বাড়ছে প্রত্যাশা
বাংলাদেশি শিকড়ের তরুণ ফুটবলার কাভান সুলিভান আবারও প্রমাণ করলেন—বয়স তাঁর প্রতিভার সামনে কোনো বাধা নয়। মাত্র ১৭ বছর ৫ দিন বয়সে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে গোল করে ফুটবল ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন তিনি। মেক্সিকোর বিপক্ষে ৩–০ গোলের জয়ে তাঁর করা গোলটি তাঁকে বানিয়েছে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সর্বকনিষ্ঠ গোলদাতা।
ম্যাচের ৬২ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুল পাস থেকে বল পেয়ে অসাধারণ দক্ষতায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান সুলিভান। মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। তরুণ এই ফুটবলারের গোল শুধু যুক্তরাষ্ট্রের জয়কে আরও নিশ্চিত করেনি, তৈরি করেছে নতুন জাতীয় রেকর্ডও।
এর মাত্র কয়েক দিন আগে ১৭ বছর ১৩১ দিন বয়সে গোল করে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন সতীর্থ ম্যাথিস আলবার্ট। কিন্তু সেই রেকর্ড বেশিদিন স্থায়ী হয়নি। অল্প সময়ের ব্যবধানেই আলবার্টকে পেছনে ফেলে ইতিহাসের নতুন পাতায় নিজের নাম লিখিয়েছেন সুলিভান।

ফিলাডেলফিয়া থেকেই উত্থান
সুলিভানের উত্থানের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে ফিলাডেলফিয়া। স্থানীয় ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে মাত্র ১৪ বছর ২৯৩ দিন বয়সে এমএলএসে অভিষেক করে তিনি লিগটির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন।
চলতি মৌসুমে তাঁর পারফরম্যান্সও দুর্দান্ত। সর্বশেষ আটটি এমএলএস ম্যাচে তাঁর গোল ৬টি, সঙ্গে রয়েছে ৮টি অ্যাসিস্ট। তাঁর অসাধারণ পারফরম্যান্সে ফিলাডেলফিয়া ইউনিয়নও টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার নতুন ক্লাব রেকর্ড গড়েছে।
সেপ্টেম্বর মাসে চার ম্যাচে ৪ গোল ও ৫ অ্যাসিস্টসহ মোট ৯টি গোলে অবদান রাখেন সুলিভান। এর স্বীকৃতি হিসেবে পান এমএলএসের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার। এত কম বয়সে এই পুরস্কার জিতেও তিনি গড়েছেন নতুন নজির।

বাংলাদেশের সঙ্গে রয়েছে পারিবারিক বন্ধন
কাভান সুলিভানের সাফল্যে আনন্দিত যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশি ফুটবলপ্রেমীরাও। কারণ তাঁর পারিবারিক শিকড় বাংলাদেশের সঙ্গে যুক্ত। তাঁর নানী সুলতানা আলম বাংলাদেশি বংশোদ্ভূত।
শুধু কাভান নন, তাঁর দুই ভাই ডেক্লান সুলিভান ও রোনান সুলিভানও ফুটবলের সঙ্গে যুক্ত এবং বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেলেছেন। ফলে সুলিভান পরিবারের সঙ্গে বাংলাদেশের ফুটবলের সম্পর্কও তৈরি হয়েছে এক অনন্য সেতুবন্ধন।
জাতীয় দলের হয়ে প্রথম গোলের পর সুলিভান জানান, ছোটবেলা থেকেই এমন একটি মুহূর্তের স্বপ্ন দেখেছেন তিনি। সেই স্বপ্ন বাস্তবে পরিণত হওয়াকে তিনি বর্ণনা করেছেন অবিশ্বাস্য এক অনুভূতি হিসেবে।
মাত্র ১৭ বছর বয়সেই জাতীয় দলের সর্বকনিষ্ঠ গোলদাতা, এমএলএসের সর্বকনিষ্ঠ অভিষিক্ত খেলোয়াড় এবং সর্বকনিষ্ঠ মাসসেরা—রেকর্ডের পর রেকর্ড ভেঙে এগিয়ে চলেছেন কাভান সুলিভান।
ফিলাডেলফিয়ার মাঠ থেকে বিশ্ব ফুটবলের বড় মঞ্চ—বাংলাদেশি শিকড়ের এই তরুণ প্রতিভার পথচলা এখন কোটি ফুটবলপ্রেমীর নজরে।
লেখক ও সম্পাদক, ফিলাডেলফিয়াপত্রিকা



