যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি নতুন ট্রান্সপোর্টেশন সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এরই মধ্যে সেন্টারটি ১ মে থেকে পূর্ণাঙ্গভাবে পুরোদমে চালু হয়েছে।
সেন্টারটি শহরের ফিলবার্ট স্ট্রিটের ১০০০ ব্লকে অবস্থিত, যেখানে আগে গ্রেহাউন্ড বাসটার্মিনাল ছিল। দীর্ঘদিন বন্ধ থাকা ওই স্থাপনাকে পুনর্গঠন করে এই নতুন কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
ফিলাডেলফিয়া পার্কিং অথোরিটির উদ্যোগে নির্মিত এই ট্রান্সপোর্টেশন সেন্টারটি কয়েক বছরের পরিকল্পনাজনিত জটিলতা অতিক্রম করে বাস্তবায়িত হয়েছে। পূর্বে সেন্টার সিটির বাসটার্মিনাল বন্ধ হয়ে যাওয়ার পর বিভিন্ন স্থানে স্থানান্তরের আলোচনা চললেও শেষ পর্যন্ত বর্তমান স্থানে স্থায়ী সমাধান আসে।
নতুন সেন্টারটিতে প্রায় ৪৪,০০০ বর্গফুট জায়গাজুড়ে আধুনিক বাস বে রয়েছে, যার মধ্যে ১১টি সম্পূর্ণভাবে ADA (প্রতিবন্ধী-বান্ধব) সুবিধাসম্পন্ন। এছাড়া অভ্যন্তরে রয়েছে ১৩,০০০ বর্গফুটের যাত্রীসেবা এলাকা এবং ১৮৯টি আসন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এই প্রকল্পটি শহরের পরিবহন অবকাঠামোয় একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ, যা ফিলাডেলফিয়ার যোগাযোগব্যবস্থা আরও উন্নত ও নাগরিকের কাছে সহজলভ্য করবে।
১ মে রাত ১২টা থেকে কার্যক্রম শুরু হওয়ার পর সেন্টারটি ২৪ ঘণ্টা সপ্তাহে ৭ দিন চালু থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
নগরবাসী, ভ্রমণকারী এবং দর্শনার্থীদের জন্য এটি একটি আধুনিক ও সুবিধাজনক পরিবহনকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আশরাফুল ইসলাম আরিফ



