সংবাদ

মসজিদে অগ্নিকাণ্ড : নর্থইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টারের ক্ষয়ক্ষতি

শেয়ার করুন:

গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেল নর্থ ইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টারের (টাইসন মসজিদ) সম্প্রসারিত অংশ। যদিও রক্ষা পেল মূল মসজিদ; সিসিটিভিতে ধরা পড়েছে সন্দেহভাজনের গতিবিধি।

আল্লাহর ঘর—যেখানে প্রতিদিন শত শত মুসল্লি সিজদায় লুটিয়ে পড়েন, যেখানে পবিত্র কুরআনের তিলাওয়াত ও আজানের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত হয়—সেই নর্থ ইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টার (টাইসন মসজিদ)-এ গতকাল গভীর রাতে ঘটে গেল এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ড।

রাত আনুমানিক ২টা ১০ মিনিটে মসজিদ প্রাঙ্গণে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের দ্রুত পদক্ষেপের ফলে আগুন মূল মসজিদ ভবনে ছড়িয়ে পড়তে পারেনি এবং আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মসজিদের মূল ভবনের বাইরে নির্মিত সম্প্রসারিত (এক্সটেনশন) অংশটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে। তবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে মূল নামাজের ভবনটি অক্ষত রয়েছে। কমিউনিটির অনেকেই একে মহান আল্লাহর বিশেষ রহমত হিসেবে দেখছেন।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একজন দুষ্কৃতিকারী মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেয়। কর্তৃপক্ষের দাবি, মসজিদের সিসিটিভি ফুটেজে একজন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি এবং আগুন লাগানোর ঘটনাও ধরা পড়েছে। বিষয়টি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তাধীন রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

উল্লেখ্য, নর্থ ইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টারে বর্তমানে একটি নতুন ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। এই অগ্নিকাণ্ডে চলমান প্রকল্পও নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নর্থ ইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টার শুধু একটি মসজিদ নয়; এটি বহু মুসলিম পরিবারের ইবাদত, শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও কমিউনিটির মিলনকেন্দ্র। তাই এই ক্ষতি শুধু একটি ভবনের নয়, পুরো মুসলিম সমাজের হৃদয়ে বেদনার ছাপ ফেলেছে।

মুসলিম কমিউনিটির প্রতি আন্তরিক আহ্বান—মসজিদের জন্য দোয়া করুন এবং চলমান নির্মাণকাজ ও ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন।


আশরাফুল ইসলাম আরিফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *