নিজে নেমেছিলেন বুকসমান কালো পানিতে, তাঁর আহ্বানে সাড়া দিয়ে নদী পরিষ্কারে শতাধিক স্বেচ্ছাসেবী; নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও
যশোর প্রতিনিধি
নাম তাঁর ঊষা। নামের মতোই স্নিগ্ধ তাঁর হাসি। কিন্তু সৌন্দর্যের চেয়েও বড় তাঁর হৃদয়ের বিশালতা এবং পরিবেশের প্রতি গভীর ভালোবাসা। শৈশবের স্মৃতিবিজড়িত যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে দূষণ ও অবহেলার হাত থেকে বাঁচাতে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে অনেকের কাছে। তিনি চিকিৎসক ডা. সাদিয়া মনোয়ারা ঊষা।
খুলনা মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী এবং ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তা বর্তমানে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। পাশাপাশি এফসিপিএস গাইনি অ্যান্ড অবস বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। দেশের বাইরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্য হিসেবে সুদূর কঙ্গোতেও দায়িত্ব পালন করেছেন তিনি।
চাইলেই ঢাকার নিরাপদ শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে নিজের পেশাগত দায়িত্ব পালন করে যেতে পারতেন। কিন্তু শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা ভৈরব নদের করুণ দশা তাঁকে ভেতর থেকে নাড়া দিয়েছে। নদীর এমন বিপর্যস্ত অবস্থা দেখে আর ঘরে বসে থাকতে পারেননি তিনি।
গত ৬ ও ৭ নভেম্বর কোনো বড় আয়োজন, প্রচার-প্রচারণা কিংবা পর্যাপ্ত সরঞ্জামের অপেক্ষা না করে একাই নেমে পড়েন ভৈরব নদের দড়াটানা সেতু এলাকায়। বুকসমান কালো, দুর্গন্ধযুক্ত পানিতে দাঁড়িয়ে খালি হাতে সরাতে শুরু করেন কচুরিপানা ও জমে থাকা আবর্জনা। কাজ করতে গিয়ে ধারালো বস্তুর আঘাতে পা জখম হয়েছে। পিঠ ও হাতে প্রচণ্ড ব্যথাও পেয়েছেন। এমনকি আশপাশের কেউ কেউ তাঁকে নিরুৎসাহিত করেছেন, কেউ আবার তাঁর এই উদ্যোগকে অস্বাভাবিক মনে করে বাধা দিয়েছেন। কিন্তু কোনো কিছুই তাঁর মনোবল ভাঙতে পারেনি।
নদের পানিতে হাসপাতালের বর্জ্য, ব্যবহৃত ইনজেকশনের সুচ, ভাঙা কাচসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ আবর্জনা থাকার বিষয়টি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এমন দূষিত পানিতে কাজ করা যে কতটা ঝুঁকিপূর্ণ, তা একজন চিকিৎসক হিসেবে ডা. ঊষার অজানা নয়। তবু নদীকে বাঁচানোর আকাঙ্ক্ষা তাঁকে মাঠে নামিয়েছে। অবশ্য এ ধরনের কাজে স্বেচ্ছাসেবীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ও স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

একজন চিকিৎসক হিসেবে ঊষা শুধু রোগীর ব্যবস্থাপত্র লিখেই নিজের দায়িত্ব শেষ করতে চান না। তাঁর বিশ্বাস, সুস্থ জীবনের জন্য ওষুধ ও স্বাস্থ্যকর জীবনযাত্রার পাশাপাশি প্রয়োজন নির্মল পরিবেশ। ভৈরব নদ নিয়ে নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি বলেন,
“সুস্থ থাকতে শুধু ওষুধ ও জীবনযাত্রার পরিবর্তন যথেষ্ট নয়, প্রয়োজন সুন্দর পরিবেশও। বাংলাদেশ নদীমাতৃক দেশ। মায়ের সঙ্গে আমাদের যেমন সম্পর্ক, নদীর সঙ্গেও ঠিক তেমনই সম্পর্ক। চিকিৎসক হিসেবে রোগীকে সুস্থ করার চেষ্টা যেমন ছাড়ি না, তেমনি ভৈরবকে বাঁচানোর আশাও ছাড়ছি না। আমি শুধু আবারও ভৈরবের স্বচ্ছ পানিতে আকাশের ছায়া দেখতে চাই, জোছনা রাতে নদীর বুকে চাঁদের প্রতিবিম্ব দেখতে চাই।”
ঊষার এই আকাঙ্ক্ষা এখন আর শুধু তাঁর ব্যক্তিগত স্বপ্ন নয়। তিনি চেয়েছিলেন, কচুরিপানা সরানোর মধ্য দিয়ে মানুষের বিবেককে নাড়া দিতে। তাঁর সেই প্রচেষ্টা অনেকটাই সফল হয়েছে। তাঁর আহ্বানে সাড়া দিয়ে বিডি ক্লিন, উই আর বাংলাদেশ ফাউন্ডেশন, রাবি ফোরামসহ বিভিন্ন সংগঠনের সদস্য এবং যশোর ও খুলনার শতাধিক তরুণ-তরুণী নদ পরিষ্কারের কাজে যুক্ত হয়েছেন। সাধারণ মানুষ ও স্থানীয় রাজনৈতিক নেতারাও তাঁদের পাশে দাঁড়িয়েছেন। স্বেচ্ছাসেবীদের কাজ এগিয়ে নিতে কেউ কেউ নগদ অর্থসহায়তাও দিয়েছেন।
যশোর শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে চলা ভৈরব নদ একসময় ছিল এ অঞ্চলের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের গুরুত্বপূর্ণ জলপথ। নদের দুই তীর ঘিরে গড়ে উঠেছিল জনপদ ও অর্থনৈতিক কর্মকাণ্ড। কিন্তু দীর্ঘদিনের দখল, দূষণ, অপরিকল্পিত বর্জ্য ফেলা এবং রক্ষণাবেক্ষণের অভাবে নদটির স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ আজ বিপর্যস্ত।
ভৈরবের নাব্যতা ফিরিয়ে আনতে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে খনন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বিপুল অর্থ ব্যয়ে খননকাজের পরও নিয়মিত রক্ষণাবেক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ নিশ্চিত না হলে নদটির প্রাণ ফিরিয়ে আনা সম্ভব নয়। শুধু কচুরিপানা সরানো কিংবা খনন করাই স্থায়ী সমাধান হতে পারে না। প্রয়োজন অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্যের উৎস শনাক্ত ও নিয়ন্ত্রণ, শিল্প ও হাসপাতালের বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা এবং নদীর পানির মান নিয়মিত পরীক্ষা।
একজন নারী চিকিৎসকের একক উদ্যোগে নদ পরিষ্কারের কাজ শুরু হওয়ার পর সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মধ্যেও নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে বলে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। যেসব কাজ পৌরসভা, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিয়মিত দায়িত্বের অংশ, সেগুলো বাস্তবায়নে এখন কার্যকর উদ্যোগ কতটা নেওয়া হয়, সেটিই দেখার বিষয়। সরকারি বরাদ্দ ও আশ্বাসের পাশাপাশি প্রয়োজন দৃশ্যমান কর্মপরিকল্পনা এবং নিয়মিত তদারকি।
প্রশ্ন উঠেছে, প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে খননকাজের পরও কেন একটি ঐতিহ্যবাহী নদকে এমন দুরবস্থার মুখে পড়তে হলো? নদী রক্ষার দায়িত্ব কি কেবল একজন সচেতন নাগরিক কিংবা স্বেচ্ছাসেবীদের? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া ভৈরবকে কি সত্যিই বাঁচানো সম্ভব?

ডা. সাদিয়া মনোয়ারা ঊষার এই উদ্যোগ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়—পরিবর্তনের জন্য সব সময় বড় পদ-পদবি, বিপুল অর্থ কিংবা বিশাল আয়োজনের প্রয়োজন হয় না। কখনো কখনো একজন মানুষের সাহসী পদক্ষেপই হাজারো মানুষকে জাগিয়ে তুলতে পারে।
সত্যিকারের নায়ক হতে কোনো অতিমানবীয় শক্তির প্রয়োজন নেই; প্রয়োজন দায়িত্ববোধ, ভালোবাসা এবং মানুষের জন্য কিছু করার অসীম সাহস। ভৈরব নদের কালো পানিতে নেমে সেই দৃষ্টান্তই স্থাপন করেছেন ডা. ঊষা।
তাঁর স্বপ্ন আবারও ভৈরবের স্বচ্ছ পানিতে আকাশের ছায়া দেখা, জোছনা রাতে নদীর বুকে চাঁদের প্রতিবিম্ব ফিরে পাওয়া। সেই স্বপ্ন বাস্তবায়িত হোক—এ প্রত্যাশা শুধু ঊষার নয়, যশোরের প্রতিটি নদীপ্রেমী মানুষের।
একটি নদী বাঁচলে বাঁচবে প্রকৃতি, বাঁচবে জীববৈচিত্র্য, নিরাপদ হবে ভবিষ্যৎ প্রজন্মের জীবন। তাই এখন সময় শুধু ঊষাকে অভিনন্দন জানানোর নয়, তাঁর পাশে দাঁড়িয়ে ভৈরব নদকে সত্যিকার অর্থে বাঁচানোর।


