নিউইয়র্ক প্রতিনিধি
নিউইয়র্কে সংগীতশিল্পী জীবন বিশ্বাসের একক সংগীতানুষ্ঠান ‘জীবনের জলসাঘরে ২’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ নভেম্বর জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা সংগীতের কিংবদন্তি কমল দাশগুপ্তকে স্মরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজক উদীচী ইউএসএ (উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস)।
দর্শক-শ্রোতায় পূর্ণ মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধনা আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমদ ও নীরা কাদরী।
মঞ্চে এসে ড. জীবন বিশ্বাস তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী এবং উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন ও রণেশ দাশগুপ্তকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এরপর কমল দাশগুপ্তের জীবন ও সংগীতকর্মের ওপর নির্মিত একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে জীবন বিশ্বাস প্রায় ২০টি গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। বিশেষভাবে ‘কতদিন দেখিনি তোমায়’ ও ‘তুমি কি এখন দেখিছ স্বপন’ গান দুটি গিটারে পরিবেশন করে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি। তাঁর কণ্ঠ, সুর ও গিটারের মূর্ছনায় পুরো মিলনায়তন হয়ে ওঠে আবেগ ও সংগীতের এক অনন্য মিলনক্ষেত্র।
যন্ত্রসংগীতে ছিলেন লিটন ফিলিপস, দীপ্ত রায়, সৌরভ দাশ, আজিম হোসেন, শহীদ উদ্দিন, মো. স্বপন মিয়া, এ আর সুমন ও মাহজাবিন মনু।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নীরা কাদরী, সিফাত উদ্দিন পলক, মৃদুল আহমেদ, বিশ্বজিৎ চৌধুরী, শিতেস ধর, খায়রুল ইসলাম পাখী, মাসুদুল হাসান রোকন, শুক্লা চক্রবর্তী ও ফজলুল করিম সহ অনেকে। রাত ১১টার দিকে দর্শক-শ্রোতাদের প্রশংসা ও সন্তুষ্টির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠান উপলক্ষে ‘জীবনের জলসাঘরে ২’ শিরোনামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। কে সি মংয়ের অঙ্গসজ্জায় স্মরণিকাটি সম্পাদনা করেন সাধনা আহমেদ। এতে কমল দাশগুপ্ত ও ড. জীবন বিশ্বাসকে নিয়ে কয়েকটি প্রবন্ধ ও স্মৃতিচারণ স্থান পেয়েছে।


