গল্প সাহিত্য

আলতার রঙ || বিশ্বজিৎ মণ্ডল

শেয়ার করুন:

প্রথম

কিশোরীবেলা থেকেই আলতা পরতে ভালোবাসে কণিকা। আলতার টকটকে লাল রঙ যেন তার কাছে শুধু প্রসাধন নয়, আনন্দের এক গোপন ভাষা। পাড়ার অন্য মেয়েরা যখন রঙিন ফিতে, চুড়ি কিংবা নেলপলিশ নিয়ে মেতে উঠত, কণিকার মন টানত এক শিশি আলতার দিকে। সেই লাল রঙ পায়ে পরামাত্র তার মনে হতো, যেন জীবনের সমস্ত উৎসব এসে দু’পায়ে বসেছে।

এই ভালোবাসার শুরু মায়ের হাত ধরে। কণিকার মা মাধবী ছিলেন অত্যন্ত সাদাসিধে গৃহবধূ। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, ভাইফোঁটা কিংবা আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ—যে-কোনো বিশেষ দিনে তিনি মেয়েকে নিজের সামনে বসিয়ে খুব যত্ন করে আলতা পরিয়ে দিতেন। তুলোর ছোট্ট কাঠিটা আলতায় ডুবিয়ে ধীরে ধীরে পায়ের আঙুলের ফাঁক, গোড়ালি আর পায়ের পাতার চারপাশে লাল রেখা টেনে দিতেন।

মা বলতেন, “মেয়েদের সাজ মানে শুধু গয়না নয় রে। পরিপাটি থাকাটাই আসল। আর আলতা পরলে পা দুটো যেন প্রাণ পায়।”

কণিকা মুগ্ধ হয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে থাকত। তারপর দৌড়ে গিয়ে বাবাকে বলত, “বাবা, দেখো তো, আমার পা দুটো কেমন সুন্দর হয়েছে?”

বাবা হেসে বলতেন, “একেবারে লক্ষ্মীঠাকুরের পা হয়েছে।”

সেই প্রশংসা শুনে কণিকার চোখ জ্বলজ্বল করে উঠত।

সময় গড়াতে লাগল। কণিকা স্কুলে পড়তে শুরু করল। প্রতি বছর ক্লাসের পদবী বদল হতে লাগল । বয়স বাড়লেও আলতার প্রতি তার টান কমল না। মাঝেমধ্যে স্কুলে যাওয়ার আগেও খুব হালকা করে আলতা পরে নিত। মা প্রথমে বারণ করতেন।

“স্কুলে আবার আলতা পরে যায় নাকি?”

কণিকা হাসত।

“আমি তো বেশি দিচ্ছি না মা। একটু দিলেই আমার ভালো লাগে।”

স্কুলে গিয়ে অবশ্য তাকে নানা কথাই শুনতে হতো।

 একদিন টিফিনের সময় বান্ধবী মৌসুমি মজা করে বলল, “কণিকা, তুই কি প্রতিদিন বিয়েবাড়িতে যাচ্ছিস?”

 অনিন্দিতা বলে উঠল,”এখনও কেউ আলতা পরে স্কুলে আসে নাকি?”

 সবাই হেসে উঠল।

কণিকা একবার নিজের পায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, “ভালো লাগলে মানুষ অনেক কিছুই করে। আমার আলতা ভালো লাগে, তাই পরি। এতে তো কারও অসুবিধা হচ্ছে নাকি? “

তার আত্মবিশ্বাসী উত্তর শুনে কয়েক মুহূর্তের জন্য সবাই চুপ করে গিয়েছিল।

এই স্বভাবটাই ছিল কণিকার সবচেয়ে বড় গুণ। লোকের কথায় সে নিজের ভালোলাগা বদলে ফেলতে জানত না। তার কাছে ঐতিহ্য মানে পুরোনোকে আঁকড়ে ধরা নয়, ভালবাসাকে সম্মান করা।

কলেজে পড়ার সময়ও উৎসব-অনুষ্ঠানে সে আলতা পরত। সাদা তাঁতের শাড়ি, কপালে লাল টিপ, সিঁথিতে সামান্য সিঁদুরের মতো লাল আবির আর পায়ে টকটকে আলতা—এই সাজে তাকে দেখলে অনেকেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত।

পড়াশোনা শেষ হওয়ার কিছুদিন পর বাবা-মা তার বিয়ের কথা ভাবলেন। পাত্র অরিন্দম—খাগড়ার এক বনেদি ব্যবসায়ী পরিবারের ছেলে। শিক্ষিত, ভদ্র এবং শান্ত স্বভাবের মানুষ।

বিয়ের দিন কণিকার পায়ে মা শেষবারের মত নিজের হাতে আলতা পরিয়ে দিলেন। হাতটা কাঁপছিল।

মা মৃদু স্বরে বললেন, “আজ থেকে অন্য বাড়ি তোর নিজের বাড়ি হবে। নিজের মনটাকে কখনও বদলাবি না।”

 কণিকার চোখ ভিজে উঠল।

 “তুমি না থাকলে আলতা কে পরিয়ে দেবে মা?”

 মাধবী হাসলেন।

“এবার থেকে নিজের হাতে পরবি। আর মনে রাখিস, এই লাল রঙ যেন তোর সংসারে সবসময় সুখ ডেকে আনে।”

শুভদৃষ্টির আলো, শঙ্খধ্বনি আর উলুধ্বনির মধ্যে কণিকা নতুন জীবনে পা রাখল।

শ্বশুরবাড়িতে প্রথম দিনই সে সকলকে প্রণাম করল। মাথায় আঁচল, সিঁথিতে সিঁদুর, পায়ে টকটকে আলতা।

শাশুড়ি সুনয়না কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, “আজকালকার দিনে এমন বউ পাওয়া সত্যিই ভাগ্যের কথা।”

শ্বশুর সুধাংশুবাবুও হেসে বললেন, “আমাদের বাড়িতে যেন সত্যিই লক্ষ্মী এল।”

অরিন্দম পাশে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, “মা, তুমি কিন্তু প্রথম দিন থেকেই ওকে খুব বেশি আদর দিচ্ছ।”

সুনয়না ছেলের দিকে তাকিয়ে বললেন, “আদর পাওয়ার মতো মানুষকে আদর করতে জানতে হয়।”

কণিকা লজ্জায় মাথা নিচু করে ফেলল।

দিন কেটে যেতে লাগল। খুব অল্প সময়ের মধ্যেই সে বাড়ির সকলের আপন হয়ে উঠল। রান্নাঘরে শাশুড়ির পাশে দাঁড়িয়ে নতুন নতুন রান্না শিখত, শ্বশুরের ওষুধের সময় মনে করিয়ে দিত, আবার সন্ধ্যায় ঠাকুরঘরে প্রদীপও জ্বালাত।

একদিন সন্ধ্যায় সুনয়না দেখলেন, কণিকা ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে নিজের পায়ে আলতা পরছে।

হেসে বললেন, “এতদিন পরেও আলতার শখ যায়নি?”

কণিকা হেসে উত্তর দিলো, “না মা। আলতা পরলেই মনে হয় আমার মা যেন পাশে বসে আছেন।”

সুনয়নার চোখটা ভিজে গেল আবেগের জলে‌। তিনি কণিকার মাথায় হাত রেখে বললেন, “তাহলে আজ থেকে আমিও তোর মা। যখন খুশি আলতা পরবি। তোকে এই সাজেই সবচেয়ে সুন্দর লাগে।”

কণিকা শাশুড়ির কথায় নিঃশব্দে হাসল। সে জানত না, জীবনের পথ সবসময় একই রঙে রাঙানো থাকে না। যে আলতার লাল রং এতদিন তার কাছে ছিল আনন্দ, ভালবাসা আর সংসারের আশীর্বাদের প্রতীক, একদিন সেই একই রং তার জীবনের গভীরতম বেদনার স্মৃতি হয়ে ফিরে আসবে।

 

দ্বিতীয় 

লাল রঙের নীরবতা, সময়ের স্রোত নিজের নিয়মে বয়ে চলছিল। খাগড়ার সেই পুরোনো বনেদি বাড়িতে কণিকার দিনগুলো বেশ সুখেই কাটছিল। সংসারের ছোট-বড় সব দায়িত্ব সে হাসিমুখে সামলে নিত। অরিন্দমের ব্যস্ত ব্যবসায়িক জীবনের ফাঁকে কণিকার সঙ্গ ছিল তার শান্তির জায়গা। আর সুনয়না যেন কণিকার জীবনের সেই মানুষ, যার কাছে সে নিজের মনের সব কথা অকপটে বলতে পারত।

প্রায়ই বিকেলের দিকে দু’জনে বারান্দায় বসে চা খেত।

 সুনয়না বলতেন, “বউমা, জানিস, তোর মধ্যে আমার নিজের যৌবনের ছায়া দেখি।”

 কণিকা হেসে বলত, “মা, তুমি এখনও নিজেকে বুড়ো ভাবো নাকি?”

 সুনয়না মৃদু হেসে উত্তর দিতেন, “বয়স শরীরে বাড়ে মা, মনে নয়। তবে একটা কথা ঠিক, তুই এই বাড়িতে এসে আমার অনেক একাকিত্ব দূর করে দিয়েছিস।”

 কণিকা তখন মায়ের মত করে শাশুড়ির হাত ধরে বলত, “আমারও তো তোমাকে ছাড়া এই বাড়ি ভাবতে পারি না।”

এই ভালবাসার সম্পর্ক যে এত তাড়াতাড়ি পরীক্ষার মুখে পড়বে, তা কেউ ভাবতে পারেনি।

সেদিন ছিল এক সাধারণ সকাল। কণিকা রান্নাঘরে সকালের কাজ করছিল। সুনয়না প্রতিদিনের মত ঠাকুরঘরে পুজো করে এসে নিজের ঘরে বসেছিলেন। হঠাৎ একটা শব্দ শুনে কণিকা ছুটে গেল।

দেখল, সুনয়না মেঝেতে পড়ে আছেন।

“মা! কী হয়েছে তোমার?”

কণিকার গলার আতঙ্ক শুনে অরিন্দমও দৌড়ে এল।

সুনয়নার মুখে কথা নেই, চোখে অসহায় দৃষ্টি। মুহূর্তের মধ্যে বাড়ির স্বাভাবিক পরিবেশ বদলে গেল।

অরিন্দম তাড়াতাড়ি গাড়ি বের করল।

হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কণিকা সুনয়নার হাত শক্ত করে ধরে ছিল।

সে বারবার বলছিল, “মা, তুমি ঠিক হয়ে যাবে। তুমি আমার সঙ্গে কথা বলো । তোমার কোনো ভয় নেই। আমরা তো আছি।”

সুনয়না কোন উত্তর দিতে পারছিলেন না, শুধু কণিকার হাতের স্পর্শ অনুভব করছিলেন।

হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তাররা দ্রুত চিকিৎসা শুরু করলেন। অরিন্দম বাইরে দাঁড়িয়ে অস্থিরভাবে পায়চারি করছিল। কণিকা হাসপাতালের করিডরে বসে শুধু ঠাকুরের নাম করছিল।

কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে বললেন, “আমরা চেষ্টা করছি। তবে অবস্থা খুব সংকটজনক।”

এই কয়েকটি শব্দ যেন কণিকার বুকের ভেতর একটা অজানা ভয় তৈরি করল।

সে চুপ করে হাসপাতালের সাদা দেওয়ালের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল, এই মুহূর্তে পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে।

অরিন্দম পাশে এসে বসে বলল, “কণিকা, নিজেকে শক্ত রাখো।”

কণিকা চোখের জল মুছে বলল, “আমি শক্ত থাকব কী করে অরিন্দম? মা তো আমার নিজের মায়ের মতো।”

অরিন্দম কিছু বলতে পারল না। শুধু স্ত্রীর হাতটা ধরে রইল।

দু’দিন ধরে চিকিৎসা চলল। আত্মীয়-স্বজন সবাই এসে খোঁজ নিলেন। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হল।

সেদিন ভোরে ডাক্তার এসে নীরবে মাথা নাড়লেন।

কণিকা বুঝে গেল।

তার চোখের সামনে যেন সব অন্ধকার হয়ে এল।

“মা আর নেই?”

অরিন্দম কোন উত্তর দিতে পারল না। শুধু চোখ নামিয়ে নিল।

কণিকা ধীরে ধীরে সুনয়নার কাছে গেল। শুয়ে থাকা মানুষটার মুখে তখন এক অদ্ভুত শান্তি।

সে মাথায় হাত রেখে ফিসফিস করে বলল, “মা, তুমি আমাকে কথা দিয়েছিলে, আমাকে মেয়ের মতো রাখবে। এত তাড়াতাড়ি চলে গেলে কেন?”

কিন্তু কোনো উত্তর এল না।

বাড়িতে যখন সুনয়নার দেহ নিয়ে আসা হল, তখন চারদিকে কান্নার পরিবেশ। যে বাড়িতে এতদিন হাসি, গল্প আর ভালোবাসার শব্দ ছিল, সেই বাড়িতে আজ শুধুই শোক।

শেষ যাত্রার প্রস্তুতি শুরু হল।

একজন আত্মীয়া বললেন, “সুনয়না তো স্বামী থাকা অবস্থায় গেলেন। এয়োতি স্ত্রী হিসেবে তাঁকে সাজাতে হবে।”

কণিকা চুপ করে শুনছিল।

তারপর তাকে ডেকে বলা হল, “বউমা, তুমি মায়ের সিঁথিতে সিঁদুর আর পায়ে আলতা দিয়ে দাও।”

কণিকার বুক কেঁপে উঠল।

যে হাতে কতবার শাশুড়ির জন্য ফুল সাজিয়েছে, সেই হাতেই আজ শেষ সাজ দিতে হবে!

কাঁপা হাতে সে সিঁদুরের কৌটো তুলে নিল। সুনয়নার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে গিয়ে তার চোখ ঝাপসা হয়ে গেল।

তারপর এল আলতার পালা।

ছোট্ট সেই আলতার পাত্রটা হাতে নিয়ে কণিকার মনে পড়ে গেল শৈশবের কথা। মনে পড়ল মায়ের কথা। মনে পড়ল সেই আনন্দের দিনগুলো।

কিন্তু আজ সেই একই আলতা তার হাতে ভারী মনে হল।

সে ধীরে ধীরে শাশুড়ির পায়ে আলতা লাগাতে লাগল।

মনে হলো, এই লাল রঙ যেন আর সাজের রঙ নয়। যেন এটি এক দীর্ঘ বিদায়ের ভাষা।

কণিকার চোখের জল পড়ে গেল সুনয়নার পায়ের কাছে।

সে মনে মনে বলল, “মা, এই রং তো তোমাকে সুন্দর করার জন্য ছিল। আজ কেন এই রং তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার স্মৃতি হয়ে থাকবে?”

কিছুক্ষণ পর শবযাত্রা বের হল।

বাড়ির দরজায় দাঁড়িয়ে কণিকা দেখল, লাল আলতায় রাঙানো সেই পা দুটো ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে।

যে লাল রং এতদিন তার কাছে ছিল উৎসবের প্রতীক, আজ সেই রং তাকে জীবনের সবচেয়ে কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিল।

অরিন্দম পাশে এসে দাঁড়াল।

সে ধীরে বলল, “কণিকা, এইবার চলো।”

কণিকা শেষবারের মতো রাস্তার দিকে তাকাল।

তার মনে হলো, রঙের নিজের কোনো ভাষা নেই। মানুষের সুখ-দুঃখ, পাওয়া-হারানোর গল্পই রংকে অর্থ দেয়।

সেদিন থেকে আলতার রং কণিকার কাছে শুধু সৌন্দর্যের প্রতীক রইল না। তার সঙ্গে মিশে গেল এক মায়ের ভালবাসা, এক সম্পর্কের স্মৃতি আর এক গভীর বেদনার।

 

তৃতীয়

সুনয়নার চলে যাওয়ার পর খাগড়ার সেই বনেদি বাড়িটা যেন হঠাৎ করেই বদলে গেল। যে বাড়ির প্রতিটি কোণে এতদিন সুনয়নার উপস্থিতি ছিল, সেখানে এখন এক অদ্ভুত নীরবতা। সকালের পুজোর ঘণ্টাধ্বনি আর শোনা যায় না, বিকেলের চায়ের কাপ হাতে বারান্দায় বসে গল্প করার মানুষটিও আর নেই।

কণিকা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে কাজ করে, কিন্তু মনের মধ্যে একটা শূন্যতা তাকে গ্রাস করে রাখে। রান্নাঘরে দাঁড়িয়ে কখনও মনে হয়, এই বুঝি পেছন থেকে সুনয়না বলবেন, “বউমা, আজ একটু কম ঝাল দিস, আমার শরীরটা ভালো নেই।”

আবার কখনও মনে হয়, সন্ধ্যায় ঠাকুরঘরের সামনে দাঁড়িয়ে শাশুড়ি তাকে ডাকছেন, “কণিকা, প্রদীপটা একটু এগিয়ে দে মা।”

কিন্তু ফিরে তাকালে শুধু শূন্যতা।

একদিন সুনয়নার ঘর পরিষ্কার করতে গিয়ে কণিকা তার পুরোনো শাড়ির আলমারি খুলল। সুন্দর করে ভাঁজ করা শাড়ি, কিছু পুরোনো চিঠি আর কয়েকটি স্মৃতির জিনিস দেখে তার চোখ ভিজে উঠল।

একটি শাড়ি হাতে নিয়ে সে মনে মনে বলল, “মা, তোমার জিনিসগুলো এত যত্ন করে রেখে গেলে, অথচ নিজেকে রেখে গেলে না কেন?”

ঠিক সেই সময় অরিন্দম ঘরে এল।

কণিকার চোখের জল দেখে সে কিছুক্ষণ চুপ করে রইল।

তারপর বলল, “তুমি এখনও মাকে খুঁজে বেড়াও, তাই না?”

কণিকা ধীরে মাথা নাড়ল।

“হ্যাঁ। জানো অরিন্দম, আমি ভাবতাম আলতা শুধু আনন্দের রং। ছোটবেলায় মা পরিয়ে দিতেন, বিয়ের দিন মা পরিয়ে দিয়েছিলেন, তোমাদের বাড়িতে এসেও মা সেই রংকে ভালোবাসা দিয়েছিলেন। কিন্তু মাকে শেষবার সাজানোর দিন বুঝলাম, একই রং মানুষের মনে কত বড় কষ্টও জাগাতে পারে।”

অরিন্দম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, “কণিকা, রঙের তো কোনো দোষ নেই। রং শুধু মানুষের অনুভূতিকে প্রকাশ করে। আমাদের স্মৃতিই তাকে সুখের বা দুঃখের করে তোলে।”

কণিকা স্বামীর কথাগুলো মন দিয়ে শুনল।

সত্যিই তো—আলতা কি তাকে কোনোদিন কষ্ট দিয়েছিল? না। সেই লাল রঙের সঙ্গে জড়িয়ে ছিল মায়ের স্নেহ, বিয়ের আনন্দ, নতুন সংসারের স্বপ্ন। আবার সেই একই রং তাকে মনে করিয়ে দিয়েছে প্রিয় একজন মানুষকে হারানোর বেদনা।

কয়েক মাস কেটে গেল।

বৃদ্ধ শ্বশুর সুধাংশুবাবু স্ত্রীকে হারানোর পর আরও চুপচাপ হয়ে গিয়েছিলেন। দীর্ঘদিনের সঙ্গীকে হারানোর কষ্ট তিনিও নিজের মধ্যে লুকিয়ে রাখতেন।

কণিকা বুঝতে পারত তাঁর একাকিত্ব।

প্রতিদিন সকালে চা দিয়ে বলত, “বাবা, আজ ওষুধগুলো খেয়েছেন তো?”

সুধাংশুবাবু মৃদু হেসে বলতেন, “তুই না থাকলে আমি বোধহয় নিজের কথাই ভুলে যেতাম মা।”

কণিকা সঙ্গে সঙ্গে বলত, “এমন কথা বলবেন না বাবা। আমি তো এই বাড়িরই একজন।”

একদিন সুধাংশুবাবু পুরোনো একটি বাক্স খুলে কণিকাকে দেখালেন। সেখানে ছিল সুনয়নার কিছু পুরোনো ছবি।

একটি ছবিতে সুনয়নার পায়ে আলতা, কপালে টিপ, মুখে হাসি।

ছবিটার দিকে তাকিয়ে সুধাংশুবাবু বললেন, “তোর মা এই সাজটা খুব পছন্দ করত। বলতো, আলতা পরলে নাকি তার নিজের মাকে মনে পড়ে।”

কণিকা অবাক হয়ে গেল।

“মা এমন বলতেন?”

“হ্যাঁ। মানুষ চলে যায়, কিন্তু তার ভালো লাগা, তার অভ্যাস, তার ভালবাসা থেকে যায়।”

কণিকার মনে হল, সুনয়না যেন আবার তার সামনে এসে দাঁড়িয়েছেন।

সময়ের সঙ্গে কণিকার মন ধীরে ধীরে শান্ত হতে লাগল। সে আবার নিজের পুরোনো অভ্যাসে ফিরে গেল। তবে আগের মতো শুধু সাজের জন্য নয়, স্মৃতির জন্য।

একদিন দুর্গাপুজোর সকালে অরিন্দম দেখল, কণিকা আলতার পাত্র হাতে বসে আছে।

সে মৃদু হেসে বলল, “আজ অনেকদিন পর আলতা পরছ?”

কণিকা হাসল।

“হ্যাঁ। আগে ভাবতাম আলতা মানে শুধু আনন্দ। তারপর ভাবলাম, আলতা মানে শুধু কষ্টও নয়। এর মধ্যে আমার মায়ের ভালবাসা আছে, তোমার মায়ের আশীর্বাদ আছে, আমার জীবনের সব স্মৃতি আছে।”

অরিন্দম বলল, “তাহলে আজকের আলতার রঙ কী?”

কণিকা কিছুক্ষণ চুপ করে নিজের পায়ের দিকে তাকিয়ে রইল।

তারপর বলল, “আজকের আলতার রঙ হলো ভালোবাসার রঙ।”

সে ধীরে ধীরে নিজের পায়ে আলতা পরল। লাল রেখাগুলো আবার ফুটে উঠল। কিন্তু এবার সেই রঙের দিকে তাকিয়ে তার মনে কোনো ভয় বা কষ্ট এল না।

বরং মনে হলো, এই রঙের মধ্যেই তার জীবনের সমস্ত গল্প লুকিয়ে আছে।

শৈশবে মায়ের হাতের স্পর্শ, কৈশোরের নির্ভেজাল আনন্দ, বিয়ের দিনের নতুন স্বপ্ন, শাশুড়ির মমতা আর হারানোর বেদনা—সবকিছু মিলিয়ে আলতা হয়ে উঠেছে তার জীবনের এক নীরব স্মৃতিচিহ্ন।

কণিকা বুঝতে পারল, কোনো রঙের নিজের কোনো পরিচয় নেই। মানুষের অনুভূতিই তাকে অর্থ দেয়।

লাল রঙ কখনও উৎসবের, কখনও ভালোবাসার, কখনও বিদায়ের। কিন্তু তার গভীরে থাকে সম্পর্কের অমলিন স্মৃতি।

সেদিন সন্ধ্যায় ঠাকুরঘরে প্রদীপ জ্বালিয়ে কণিকা মনে মনে বলল, “মা, তোমার দেওয়া ভালোবাসার রঙ আমি সারাজীবন ধরে রাখব।”

বাইরে তখন অস্তগামী সূর্যের আলোয় উঠোন লাল হয়ে উঠেছে।

কণিকার মনে হলো, সেই আলো আর আলতার রঙের মধ্যে আজ আর কোনো পার্থক্য নেই।

দুটোই জীবনের কথা বলে। দুটোই ভালোবাসার কথা বলে।

সমাপ্ত

বিশ্বজিৎ মণ্ডল। কথাসাহিত্যিক। বহরমপুর, মুর্শিদাবাদ। প্রকাশিত প্রায় পনেরোটি বইয়ের লেখক। ‘উষ্ট্রযান’ ও ‘গল্পনগর’ পত্রিকার সম্পাদক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *