সমাজ

ভার্জিনিয়ায় নটরডেমিয়ানদের দ্বিতীয় গ্লোবাল কনভেনশন : পুনর্মিলন, স্বদেশভাবনা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আন্তর্জাতিক মিলনমেলা ‘বিএনডানা দ্বিতীয় গ্লোবাল কনভেনশন ২০২৬’। গত ৩১ অক্টোবর (শনিবার) ন্যাশনাল ল্যান্ডিংয়ের হিলটন আর্লিংটন হোটেলে বাংলাদেশ নটরডেম অ্যালামনাই নর্থ আমেরিকা (BNDANA) আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশ থেকে প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

নটরডেম কলেজের প্রবীণ ও জনপ্রিয় শিক্ষক সুশান্ত কুমার সরকার সম্মেলনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে নটরডেম কলেজের ড. ফাদার প্যাট্রিক গ্যাফনি, সাবেক মার্কিন রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক, রাষ্ট্রদূত এ কে এম ওয়াহিদুজ্জামান, বিএনডানার প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইবরুল চৌধুরী, কনভেনশন কমিটির আহ্বায়ক ড. ফয়সাল রহমান এবং সভাপতি ড. মোহাম্মদ নাকিবউদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের উন্নয়নে প্রবাসী নটরডেমিয়ানদের ভূমিকা নিয়ে সেমিনার। ড. ফয়সাল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান, মানবিক সহায়তা এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। অবসরজীবনের আর্থিক নিরাপত্তা এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ও আলোচনায় স্থান পায়। সেমিনারের সুপারিশগুলো বাংলাদেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার কথা জানান বিএনডানার সভাপতি ড. মোহাম্মদ নাকিবউদ্দিন।

১৯৫৬ থেকে ২০১১ ব্যাচ পর্যন্ত বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের পরিচিতি ও অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে। পাশাপাশি ‘মিট অ্যান্ড মিঙ্গল’ আড্ডা, নটরডেমিয়ান লেখকদের বই প্রদর্শনী, স্মৃতিচারণ, গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনকে আরও বর্ণিল করে তোলে। ‘নটর-নস্টালজিয়া’ শীর্ষক সাংস্কৃতিক পর্বে গান ও নানা পরিবেশনার পাশাপাশি স্থানীয় নটরডেমিয়ানদের ব্যান্ড ‘AITHRIOS’ সংগীত পরিবেশন করে। শিল্পী সাগ্নিক সেনের কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী গানও উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে নটরডেম কলেজের বর্তমান অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়াস রোজারিও, সিএসসি-এর ভিডিও বার্তা প্রচার করা হয়। এ ছাড়া প্রয়াত শিক্ষকদের স্মরণ এবং কলেজজীবনের স্মৃতিবিজড়িত পুরোনো হ্যারিংটন ভবন নিয়ে বিশেষ পরিবেশনা উপস্থিত নটরডেমিয়ানদের আবেগাপ্লুত করে।

সম্মেলনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ড. ইবরুল চৌধুরীকে তাঁর আন্তরিক নিষ্ঠা, নিরলস প্রচেষ্টা ও সংগঠনের প্রতি অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিএনডানা (BNDANA)-এর পক্ষ থেকে ‘অ্যালামনাই এমেরিটাস’ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, ড. ইবরুল চৌধুরী ফিলাডেলফিয়াপত্রিকার উপদেষ্টামণ্ডলীর একজন সম্মানিত সদস্য।

সম্মেলনের শেষ পর্বে বিএনডানার নতুন নেতৃত্ব ও পরবর্তী তিন বছরের নির্বাহী কমিটির কাঠামো ঘোষণা করা হয়। সমাপনী বক্তব্যে আয়োজকেরা অংশগ্রহণকারী, অতিথি, পৃষ্ঠপোষক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

আয়োজকদের মতে, এই সম্মেলন কেবল প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন নয়; বরং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নটরডেমিয়ানদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও বাংলাদেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার বন্ধন আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *