গল্প সাহিত্য

স্ক্রল করে দেখা ১০ || মাসুদার রহমান

শেয়ার করুন:

১০. হট্টিটির দুপুর


সারাদিন কত পাখির সাথে দেখা।

সোনাপাড়া থেকে আজও সকালে ধলটিকর এসেছি। প্রতিদিনের মতোই বাইকের পুরনো শব্দ, কাঁধে ব্যাগ, ভেতরে কিছু কাগজপত্র। অফিসের কাজে দুপুরে পিয়ারা যেতে হয়েছিল। সোনাপাড়া থেকে ধলটিকর, ধলটি থেকে পিয়ারা কয়েক কিলোমিটারের পথ। কিন্তু এই কয়েক কিলোমিটারের ভেতরেই যেন একটা গোটা দেশ থাকে। মাঠের পর মাঠ, সদ্য কেটে নেওয়া ধানের গোড়া পড়ে আছে, কোথাও আবার ডিপটিওবয়েল থেকে সেচ দেওয়া জলে জমি থই থই করছে। পথে দু’একজন মানুষের সাথে দেখা। তারা মাথা নাড়ে, আমি হাত তুলি। এর বেশি কথা হয় না। কথা হয় পাখিদের সাথে।

আজ অজস্র পাখির সাথে দেখা। আওলাই বিলের ধারে এসে বাইকটা একটু আস্তে করলাম। বিলের জল এখন কম, কচুরিপানার ফাঁকে ফাঁকে সাদা বক দাঁড়িয়ে আছে ধ্যানীর মতো। হঠাৎ চোখে পড়ল, বাঁশপাতা পাখি। নামটা কে রেখেছিল জানি না, কিন্তু এর চেয়ে সঠিক নাম আর হয় না। একদম কচি বাঁশপাতার মতো গা, চঞ্চল লেজটা তার চেয়েও সরু। গাছপালা ঘেরা নির্জন পুকুরপাড়ে সবুজ কাজলচোখের ছিপছিপে পাখিটিকে কেমন অপার্থিব মনে হলো। মনে হলো, ও এই মাঠের কেউ না, ভুল করে এখানে এসে পড়েছে। আমি বাইক থামালাম। ও তাকাল। বাইকের শব্দকে গ্রাহ্য না করে ওর ইচ্ছেকে জারি রেখে উড়ল। আবার বসল। আবার উড়ল। ওর ওড়ার মধ্যে কোনো তাড়া নেই, কোনো ভয় নেই। যেন ও জানে, এই পুকুরপাড়, এই বাঁশঝাড়, এই দুপুর সব ওর জন্যই সাজিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ ওর পিছু পিছু চেয়ে থাকলাম। তারপর ও মিলিয়ে গেল বাঁশবনের ভেতর। মনে হলো, একটা সবুজ স্বপ্ন দেখলাম।

পিয়ারার রাস্তায় ঢুকতেই এক ঝাঁক হট্টিটি তীব্র ডেকে ডেকে উড়ে গেল। ‘হট-টি-টি-টি’, ওদের ডাকে মাঠ কেঁপে ওঠে। ওরা কখনো একা থাকে না। সবসময় দল বেঁধে, সবসময় সজাগ। ওদের ডাক শুনলেই মনে হয়, মাঠের কেউ পাহারা দিচ্ছে। আমি মুখ তুলে দেখলাম, ওরা গোল হয়ে ঘুরছে আকাশে, তারপর ধানের জমির ওপারে নেমে গেল। ওদের পেছনে পড়ে রইল একটা তীব্র, সতর্ক দুপুর।

সারাদিন অফিসের কাজ আর কথাবার্তার পর বিকেলে যখন ধলটিকর ফিরছি, আলো তখন নরম হয়ে এসেছে। পশ্চিমের আলো ধানখেতের ওপর পড়ে আছে। স্কুলের পিছনে বাইকটা রাখতেই শিশুদের জটলা চোখে পড়ল। এক বিষাদের দেখা। স্কুলের পিছনে ধানখেতের বেড়ায় আটকে যাওয়া এক অচেনা পাখি। বেড়াটা কাঁটাতারের, নতুন দিয়েছে। ওর ডানা আটকে গেছে তারের ভাঁজে। পাখিটি খুব ছোট নয়, বুকের কাছে হালকা খয়েরি, পেটের দিকটা সাদা। আমি আগে কখনো দেখিনি। হয়তো পরিযায়ী, হয়তো এই বিলেই থাকে। পরে পাখির ছবি ও পরিস্থিতি জানিয়ে নিজ টাইমলাইনে পোস্ট দিলে কয়েকজন কয়েকটি নাম জানালেন। কমেন্টে একজন জানালেন, পাখিটির স্থানীয় নাম ‘চেগাবেগা’। যাই হোক, কাঁটাতারের বেড়ায় পাখিটি ছটফট করছে না, শুধু মাঝে মাঝে ডানা ঝাপটাচ্ছে। ওর চোখে কোনো আর্তনাদ নেই, আছে এক ধরনের ক্লান্ত সমর্পণ। একজন কৃষিকর্মী, নাম হাবিবুর, পাশ দিয়ে যাচ্ছিল কোদাল কাঁধে। পাখিটিকে দেখতে পেয়ে ও দাঁড়াল। কিছু না বলে আস্তে আস্তে কাছে গেল। আমি বললাম, সাবধানে। ও হাত দিয়ে কাঁটাতারটা একটু ফাঁক করল। খুব সাবধানে, পরম যত্নে যেন ফুল ধরছে। পাখিটিকে বেড়া থেকে মুক্ত করে নিয়ে উঠে এল স্কুল মাঠে। আমরা দুজনে মাঠে বসলাম। দেখলাম, ওর ডানায় ক্ষত। রক্ত বেরোচ্ছে না, কিন্তু পালকগুলো এলোমেলো, একটু কেটে গেছে। হাবিবুর তার ভিজে নেওয়া গামছা থেকে জল দিল। পাখিটি জল খেল না। শুধু চেয়ে রইল আমাদের দিকে। ওর সেই চাওয়ার মধ্যে কোনো অভিযোগ ছিল না।

আমার সকালের বাঁশপাতা পাখির কথা মনে পড়ল। ও কী স্বাধীনভাবে উড়ছিল। আর এই চেগাবেগা পাখিটি একই আকাশের নিচে, একই মাঠের ওপর, শুধু একটা মানুষের তৈরি বেড়ার জন্য ওর সমস্ত আকাশ আটকে গেছে।

আমি আর হাবিবুর অনেকক্ষণ বসে রইলাম। স্কুল ছুটি হয়ে গেছে, মাঠ ফাঁকা। দূরে আজানের শব্দ ভেসে আসছে। হাবিবুর বললো—স্যার, ছাইড়া দিই? উড়তে পারব মনে হয়।

আমি বললাম—একটু থাকুক। দম নিক।

পাখিটা আমাদের হাতের মধ্যেই একটু ঝিমালো। তারপর হঠাৎ, যেন মনে পড়েছে ওকে উড়তে হবে, ডানা ঝাপটাল। প্রথমবার পারল না। দ্বিতীয়বারে একটু উড়ে আবার পড়ে গেল ঘাসে। তৃতীয়বারে নিচু হয়ে, ধানখেতের ওপর দিয়ে, একটু কাত হয়ে উড়ে গেল। ওর ওড়াটা আর আগের মতো সুন্দর না হয়তো, একটু খুঁড়িয়ে চলা। কিন্তু ও উড়ছে।

আমরা দুজনে চেয়ে রইলাম যতক্ষণ ওকে দেখা যায়। ধানখেতের ওপর দিয়ে, সন্ধ্যার আলো-অন্ধকারের ভেতর দিয়ে, ও মিলিয়ে গেল। সোনাপাড়া থেকে পিয়ারা, পিয়ারা থেকে ধলটিকর কয়েক কিলোমিটারের পথে কত কিছুই দেখলাম। মানুষের সাথে দেখা কম, পাখিদের সাথেই বেশি। একটা পাখি শেখালো কীভাবে ইচ্ছেকে জারি রাখতে হয়, আরেকটা শেখালো কীভাবে ক্ষত নিয়েও উড়তে হয়। বাইকে স্টার্ট দিলাম। পেছনে স্কুলমাঠ, সামনে আবার কাঁটাতারের বেড়া। কিন্তু আকাশটা তখনও খোলা।


স্ক্রল করে দেখা ধারাবাহিক পড়তে এখানে ক্লিক করুন


মাসুদার রহমান। কবি। জন্ম ১ সেপ্টেম্বর ১৯৭০, জয়পুরহাট, বাংলাদেশ। নব্বইয়ের দশকের কবি হিশেবে মান্য ও মূল্যায়িত হয়ে আসছেন। ‘হাটের কবিতা’, ‘ডাকবাংলো’, ‘হরপ্পা’, ‘ভ্যান গঘের চশমা’, ‘জোনাকিবাগান’ প্রভৃতি কবিতাবই তার সতেরোটি প্রকাশিত বইয়ের মধ্যে কয়েকটি। বেরিয়েছে একাধিক নির্বাচিত কবিতা, একাধিক শ্রেষ্ঠ, কবিতাসংগ্রহ প্রথম খণ্ড।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *