ফিলাডেলফিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর : আগস্ট থেকে শুরু কাতার এয়ারওয়েজের দৈনিক ফ্লাইট!
তিন বছর বিরতির পর আবারও ফিলাডেলফিয়ায় ফ্লাইট চালু করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ। দোহাভিত্তিক এই আন্তর্জাতিক বিমান সংস্থা আগামী ১ আগস্ট ২০২৬ থেকে ফিলাডেলফিয়া (PHL) ও দোহা (DOH)-র মধ্যে দৈনিক সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।
এয়ারবাস A350-900 উড়োজাহাজে পরিচালিত এই রুটে যাত্রীদের জন্য থাকবে কাতার এয়ারওয়েজের জনপ্রিয় Qsuite বিজনেস ক্লাস সুবিধা।
নতুন এই রুট চালুর ফলে ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকার বাংলাদেশি বাসিন্দাদের জন্য এশিয়া, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ আরও সহজ, দ্রুত ও তুলনামূলকভাবে কম খরচে সম্ভব হবে। উদাহরণস্বরূপ, ফিলাডেলফিয়া থেকে থাইল্যান্ডের ব্যাংকক ভ্রমণে অনেক ক্ষেত্রে অন্যান্য বিকল্প রুটের তুলনায় প্রায় ১,০০০ ডলার পর্যন্ত সাশ্রয় হতে পারে।
কাতার এয়ারওয়েজ বর্তমানে উত্তর আমেরিকার ১৪টি শহরে সেবা প্রদান করছে। ফিলাডেলফিয়ায় পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্তকে এই অঞ্চলের ভ্রমণকারী ও প্রবাসীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা


