-
- বৃষ্টিতে ভিজেও দর্শক-সমর্থকদের উচ্ছ্বাস, চ্যাম্পিয়ন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি
ফিলাডেলফিয়া প্রতিনিধি : প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়াও দমাতে পারেনি ফুটবলের উন্মাদনা। বৃষ্টিতে ভিজে মাঠে লড়াই করেছেন খেলোয়াড়েরা, আর ছাতা মাথায় কিংবা বৃষ্টিতে ভিজেই খেলা উপভোগ করেছেন দর্শক-সমর্থকেরা। এমন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এডুকেশন অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়া (বেসাপ) আয়োজিত মিনি সকার টুর্নামেন্ট ২০২৬।
গত রোববার (২৭ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ার জারডেল প্লেগ্রাউন্ডে (১৪০০ কটম্যান অ্যাভিনিউ) দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির ১০টি দলের অংশগ্রহণে মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। খেলোয়াড়দের প্রাণবন্ত লড়াই, দর্শকদের উচ্ছ্বাস এবং বৃষ্টিভেজা মাঠের রোমাঞ্চ সব মিলিয়ে আয়োজনটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো—বিয়ানীবাজার সোশ্যাল অ্যান্ড কালচারাল সোসাইটি পিএ ইনক., গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভানিয়া, বড়লেখা রাইজিং স্টারস, ইউডি স্টারস, জামজাম মোটরস-১ ও ২, আল শাম-এ ও বি, পিএইচএল এবং ইউডি রয়্যালস।
সকাল থেকে শুরু হওয়া খেলাগুলো দেখতে মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী দর্শক, খেলোয়াড়দের পরিবারের সদস্য, বন্ধু ও ক্রীড়াপ্রেমীরা। বৃষ্টির কারণে মাঠে খেলার পরিবেশ কঠিন হয়ে উঠলেও খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স এবং দর্শকদের অব্যাহত সমর্থনে সেই প্রতিকূলতাও যেন আনন্দের অংশ হয়ে ওঠে। ছোট মাঠের দ্রুতগতির ফুটবল, গোলের মুহূর্তে দর্শকদের উল্লাস এবং বৃষ্টির মধ্যে খেলা চালিয়ে যাওয়ার দৃশ্য পুরো আয়োজনকে করে তোলে ব্যতিক্রমী।

টুর্নামেন্টের ফাইনালে পিএইচএলকে পরাজিত করে বিয়ানীবাজার সোশ্যাল অ্যান্ড কালচারাল সোসাইটি পিএ ইনক. চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পিএইচএল রানার্সআপ হয়। টুর্নামেন্টে পাঁচটি গোল করে পিএইচএল দলের মাসুদ ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসাপের উপদেষ্টা সাদিক মিয়া ও আওতাদ চৌধুরী এবং সাবেক উপদেষ্টা মাশুকুল ইসলাম খান। আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সোশ্যাল অ্যান্ড কালচারাল সোসাইটি পিএ ইনকের সভাপতি মো. আবদুল লতিফ ও সাধারণ সম্পাদক হোসেন আহমদ; গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভানিয়ার সভাপতি সালাহউদ্দিন খান ও সাধারণ সম্পাদক হাসান আহমদ; এবং সিলেট সদর অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার সাধারণ সম্পাদকসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বেসাপের সভাপতি স্বরন খান, সাধারণ সম্পাদক আবেদিন জয়নাল, সহসভাপতি স্বপন লস্কর ও মো. ফারুক মিয়া, সহসাধারণ সম্পাদক মোস্তফা রেজওয়ান এবং প্রচার সম্পাদক ইমাদ চৌধুরী সহ সংগঠনের কার্যকরী কমিটির সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মারুফ রহমান।
বেসাপের সভাপতি স্বরন খান ও সাধারণ সম্পাদক আবেদিন জয়নাল বলেন, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো, তরুণ প্রজন্মকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করা এবং বিভিন্ন সংগঠন ও পরিবারের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তাঁদের মতে, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে দলগত চেতনা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টুর্নামেন্ট সফল করতে অংশগ্রহণকারী সব দল ও খেলোয়াড়ের পাশাপাশি আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক, দর্শক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানায় বেসাপ। বিশেষ করে সংগঠনের স্পোর্টস সেক্রেটারি, সহকারী স্পোর্টস সেক্রেটারি এবং কার্যকরী কমিটির সংশ্লিষ্ট সদস্যদের অবদানের কথা উল্লেখ করেন আয়োজকেরা।
প্রবল বৃষ্টির মধ্যেও ১০টি দলের অংশগ্রহণ এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও কমিউনিটির ঐক্যের একটি প্রাণবন্ত চিত্র তুলে ধরে। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতে এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি, সহযোগিতা ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে।



