সাহিত্য

নিউইয়র্কে বাংলা বই ও বৃষ্টিমেলা ।। আশরাফুল ইসলাম আরিফ

শেয়ার করুন:

প্রাণের উৎসবের রেশ ছড়িয়ে শেষ হলো ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা।

নিউইয়র্কে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ বাংলা ভাষা ও সাহিত্য আয়োজন ‘৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬’। গত ২২ থেকে ২৫ মে পর্যন্ত চার দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। এবারের প্রতিপাদ্য ছিল—“যত বই তত প্রাণ”।

নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ফ্লোরিডা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং কানাডা থেকে লেখক, পাঠক, প্রকাশক ও সংস্কৃতিপ্রেমীরা প্রাণবন্ত বাংলা আলাপের এই মেলায় অংশ নেন। বৃষ্টিকে উপেক্ষা করে দর্শনার্থীদের উপস্থিতি প্রমাণ করেছে, প্রবাসেও বাংলা বইয়ের আবেদন এখনও অমলিন।

মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রওনক জাহান, ফরিদুর রেজা সাগর, কবি সুবোধ সরকার, সাদাত হোসাইন সহ দেশ-বিদেশের বিশিষ্ট লেখক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক ও ভাবুক ব্যক্তিরা।

চারদিনব্যাপী আয়োজনে ছিল সেমিনার, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, শিশু-কিশোরদের বাংলা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নতুন প্রজন্মকে ঘিরে বিশেষ কিছু আয়োজন। সমাপনী দিনে “সৃজনশীলতায় কৃত্রিম বুদ্ধিমত্তা” শীর্ষক আলোচনা অধিবেশনটি তরুণদের বিশেষভাবে আকৃষ্ট করে।

মেলায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ২৬টি শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। নতুন বই, গবেষণাধর্মী গ্রন্থ, উপন্যাস ও শিশুতোষ বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

এবারের বইমেলায় ‘মুক্তধারা সুকৃতজ্ঞ সম্মাননা’ ও আজীবন সম্মাননা প্রদান করা হয় অধ্যাপক রেহমান সোবহানকে। এছাড়া মুক্তধারা জিএফবি সাহিত্য পুরস্কার ২০২৬ লাভ করেন ভাষাসৈনিক ও ঔপন্যাসিক ড. আবদুন নূর।

সমাপনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, আগামী বছরের ৩৬তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৪ মে ২০২৭।

সব মিলিয়ে এবারের বইমেলা আবারও প্রমাণ করেছে—প্রবাসে বাংলা বই শুধু পাঠের বিষয় নয়, এটি বাঙালির ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক জীবন্ত মিলনমেলা।

বাংলার বই শুধু নয়, আরেকটি বিষয় এবারকার বইমেলাটিকে স্মরণীয় করে রেখেছে। সেই বিষয়টি বৃষ্টি। বিরামহীন বাংলারই বৃষ্টির স্মৃতি নিউইয়র্কে মে মাসের এই বৃষ্টিপাতে ভেসে ওঠে মেলায় আগত বইপ্রেমীদের মনে।


আশরাফুল ইসলাম আরিফ 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *