বিনোদন সংবাদ সমাজ

বিএসিএফ ঈদআড্ডায় আনন্দফোয়ারা

শেয়ার করুন:

বিএসিএফ টিভির আয়োজনে একটি বিশেষ বর্ণাঢ্য ঈদআড্ডা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

মুসলিম উম্মাহর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএসিএফ টিভির বিশেষ আয়োজন ‘ঈদ আড্ডা’ অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন, স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে ছিল ঈদের শুভেচ্ছা বিনিময়, প্রাণবন্ত আড্ডা, আমন্ত্রিত অতিথি শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশন এবং আকর্ষণীয় ভায়োলিন পরিবেশনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুদুল হাসান সারওয়ার দ্যানিয়েল ও আব্দুল হাফিজ চৌধুরী, যাদের প্রাণবন্ত উপস্থাপনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কমিউনিটির বিশিষ্ট শিল্পী বিজয়া সেনগুপ্তা, এমাদ রনি এবং নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পী মোহনা বোস ও ফারিসা রুবাইয়াত। শিল্পীদের প্রত্যেকের আন্তরিকতা, ধৈর্য ও চমৎকার পরিবেশনা অনুষ্ঠানে যেন মন্ত্রমুগ্ধ আবেশ সৃষ্টি করে। আয়োজকরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এছাড়াও সমাজের পঁচিশজনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি বিএসিএফ টিভির ঈদসম্মিলনী আড্ডায় শামিল হয়ে দর্শকদের উদ্দেশ্যে আবেগময় ঈদের শুভেচ্ছাবার্তা বিনিময় করেন, যা অনুষ্ঠানটিকে একটু কথাভারিক্কী করে ফেললেও সমৃদ্ধও করেছে গোটা আয়োজনটিকে। এই অনুষ্ঠান সম্প্রচারকালে এর প্রযুক্তিগত সহায়তায় ছিলেন আশিকুর রহমান।

অনুষ্ঠান চলাকালীন কিছু যান্ত্রিক ত্রুটি এবং আয়োজক ও অংশগ্রহণকারীদের কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দর্শকদের আন্তরিক সমর্থন, উৎসাহ এবং অনুপ্রেরণা আয়োজনটিকে সফল করে তুলেছে। আয়োজকরা এ সকল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছেন অনুষ্ঠানের এক ফাঁকে এবং ভবিষ্যতে আরও উন্নত ও নির্ভুল আয়োজন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নবপ্রবর্তিত কমিউনিটিমিডিয়া বিএসিএফ টিভির পক্ষ থেকে সকল দর্শক, অতিথি, শিল্পী এবং শুভানুধ্যায়ীদের প্রতি জানানো হয়েছে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মানুষের জীবনের হিতকরী বিচিত্র অভিযানের শরিক সবাইকে সঙ্গে নিয়েই আগামীতেও এমন আনন্দমুখর আয়োজন অব্যাহত থাকবে, এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে আয়োজকদের তরফ থেকে।

প্রতিবেদক : কাজল রেখা

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *