গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনিদের আরও বেশি বাস্তুচ্যুত করা হচ্ছে এবং জাতিগত নিধনের আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর (ওএইচসিএইচআর)।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে দপ্তরটি জানায়, অবরুদ্ধ গাজার ক্রমেই সংকুচিত একটি অংশে ফিলিস্তিনিদের বারবার সরিয়ে নেওয়া হচ্ছে। ইসরায়েলি বাহিনী তাদের মোতায়েনের সীমারেখা হিসেবে পরিচিত ‘ইয়েলো লাইন’-এর ওপারের এলাকাতেও ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এই রেখাটিকে ইসরায়েলি বাহিনী ‘হত্যার এলাকা’ হিসেবে বিবেচনা করছে বলে মনে হচ্ছে। ফলে রেখাটির ওপারে নিজেদের অবশিষ্ট বাড়িঘরে ফিলিস্তিনিদের ফিরতে দেওয়া হচ্ছে না।
ওএইচসিএইচআর আরও বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজার অবশিষ্ট বেসামরিক অবকাঠামো ধ্বংস করছে এবং বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলগুলোতে হামলা চালাচ্ছে। একই সঙ্গে গাজার ৭০ শতাংশ ভূখণ্ডে নিজেদের সামরিক মোতায়েন বাড়ানোর লক্ষ্য ইসরায়েল ঘোষণা করেছে বলে দপ্তরটি উল্লেখ করেছে।
সংঘাত শুরুর পর থেকেই মানবাধিকার সংগঠন ও ত্রাণ সংস্থাগুলো গাজায় ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং আশ্রয়কেন্দ্রে হামলা বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
ওএইচসিএইচআর জানিয়েছে, গত দুই সপ্তাহে ইসরায়েলি বাহিনী পশ্চিম দিকে তাদের অবস্থান সম্প্রসারণ করেছে। এর ফলে গাজা সিটির শুজাইয়া, মধ্য গাজার পূর্ব বুরেইজ, পূর্ব দেইর আল-বালাহ এবং পূর্ব আল-মাগাজি এলাকায় নতুন করে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ঘটেছে।
দপ্তরটির তথ্য অনুযায়ী, শুজাইয়া এলাকায় বাস্তুচ্যুতদের শিবিরে অন্তত দুটি হামলার খবর পাওয়া গেছে। এসব হামলায় বিস্ফোরক বহনকারী রোবট ব্যবহার করে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা অল্প কয়েকটি ভবনও ধ্বংস করা হয়।
এ ছাড়া শুজাইয়া মোড়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের থাকার একটি তাঁবুতে রোবটচালিত বিমান থেকে গোলাবারুদ ফেলার খবর পেয়েছে ওএইচসিএইচআর। রোববারের ওই হামলার পর আগুন ছড়িয়ে পড়ে এবং ৮০০ জনের সমন্বয়ে ২০০টি পরিবার বাস্তুচ্যুত হয় বলে গাজার ফিলিস্তিনি গণপূর্ত ও আবাসন মন্ত্রণালয় জানিয়েছে।
অধিকৃত ফিলিস্তিন এলাকায় ওএইচসিএইচআরের প্রধান আইজিত সুনঘাই বলেন, গাজায় বাস্তুচ্যুতির ‘দুঃস্বপ্ন’ একই সঙ্গে তীব্র ও দীর্ঘস্থায়ী হয়ে উঠেছে।
তিনি বলেন, যুদ্ধবিরতি ঘোষণার আগে যারা বাস্তুচ্যুত হয়েছিলেন, তাদের নিজেদের এলাকায় ফেরার সম্ভাবনা খুবই কম বা নেই বললেই চলে। তারা যে এলাকাগুলো থেকে পালিয়েছিলেন, সেগুলোর বেশির ভাগই তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর ওপারে পড়ায় সেখানে প্রবেশ করা যাচ্ছে না। ফলে মানুষ বারবার নতুন করে বাস্তুচ্যুত হচ্ছেন।
চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৫৭৪ জন নিহত এবং ৫ হাজার ৬৮৭ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৫৭০ জন নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৮০৮ জন আহত হয়েছেন বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।



