- ১২ সেপ্টেম্বর আপার ডার্বিতে ৪র্থ BACF গ্র্যাজুয়েশন ও অ্যাওয়ার্ড সংবর্ধনা
ফিলাডেলফিয়া প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সাফল্য উদযাপন এবং কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা কৃতীজনদের সম্মাননা জানাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অফ পেনসিলভেনিয়া (BACF)-এর ৪র্থ গ্র্যাজুয়েশন ও অ্যাওয়ার্ড সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬।
আগামী শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫টা থেকে পেনসিলভেনিয়ার আপার ডার্বিস্থ ঢাকা ক্লাবে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক সম্পন্নকারী বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূলধারার সমাজ, কমিউনিটি সেবা, শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা, রাজনীতি ও অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হবে।

আয়োজকদের মতে, প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করা এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ও কৃতী ব্যক্তিদের সম্মান জানানোর মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা ও সেবামূলক কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করা হবে।
বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অফ পেনসিলভেনিয়া (BACF) দীর্ঘদিন ধরে বৃহত্তর ফিলাডেলফিয়া অঞ্চলের বাংলাদেশি কমিউনিটির মধ্যে সামাজিক সম্প্রীতি, শিক্ষা, সংস্কৃতি ও কমিউনিটি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
আয়োজকরা বৃহত্তর ফিলাডেলফিয়া ও আশপাশের এলাকার বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের সাফল্য উদযাপন ও কৃতীজনদের সম্মান জানানোর এ আয়োজন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও বন্ধনকে আরও সুদৃঢ় করবে।


