ভালোবাসা, ঐক্য ও সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনে স্বেচ্ছাসেবকদের সম্মাননায় প্রাণবন্ত আয়োজন হয়ে গেল সম্প্রতি পেনসিলভেনিয়ায়। বিভিন্ন ক্ষেত্রে জনপদে স্বেচ্ছাসেবকের ভূমিকায় নিরলস যারা কাজ করে চলেছেন তাদের স্বীকৃতি ও সম্মান জ্ঞাপন করার উদ্দেশ্যেই ছিল গোটা আয়োজন।
পেনসিলভেনিয়ার মসজিদ আল-মদিনা, আপারডার্বিতে ১০ মে ২০২৬ এক হৃদয়ছোঁয়া স্বেচ্ছাসেবক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মসজিদের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও মানবিক কার্যক্রমে নিয়মিতভাবে যারা নীরবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তাদের সম্মান জানাতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

মসজিদ আল মদিনার সম্মানিত সভাপতি শেখ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সক্রিয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সফল ইফতার মাহফিল আয়োজক সংগঠনের হাতেও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য হলো বিটিএসপি, বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি, বৃহত্তর রংপুর সোসাইটি, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি, বৃহত্তর দিনাজপুর সোসাইটি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, চট্টগ্রাম অ্যাসোসিয়েশন, নরসিংদী সোসাইটি, কুষ্টিয়া সোসাইটি এবং লক্ষ্মীপুর ডিষ্ট্রিক্ট সোসাইটি উল্লেখযোগ্য।
স্থানীয় দুই শতাধিক মুসল্লির উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। দোয়া, ভ্রাতৃত্ববোধ পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে সবাই একসাথে নৈশভোজে অংশগ্রহণ করেন। মসজিদ কর্তৃপক্ষ বলেন, স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ শ্রম, সময় ও ভালোবাসাই মসজিদের কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও গতিশীল করে তুলেছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ কমিউনিটিতে পারস্পরিক বন্ধন এবং ইসলামি মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে বলে আশা ব্যক্ত করা হয়।
আশরাফুল ইসলাম আরিফ



